মেধা ও স্বচ্ছতার জয়: শেরপুরে কোনো রকম তদবির ছাড়াই ২৫ জনের পুলিশে চাকরি

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি ।।
শেরপুর জেলা পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। সোমবার (১৮ মে) শেরপুর পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে রাত সাড়ে আটায় আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করা হয়। চূড়ান্ত পরীক্ষায় ২৫ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন এবং পাশাপাশি ৫ জনকে অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে।
শেরপুর জেলা পুলিশ সুপারের সভাপতিত্বে আয়োজিত এই নিয়োগ প্রক্রিয়ায় শতভাগ স্বচ্ছতা ও মেধার মূল্যায়ন নিশ্চিত করা হয়েছে। ফলাফল ঘোষণার পর উত্তীর্ণ সাধারণ পরিবারের তরুণ ও তাদের অভিভাবকদের আনন্দ-অশ্রুতে অনুষ্ঠানস্থলে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। একদম প্রত্যন্ত অঞ্চলের খেটে খাওয়া মানুষ ও কৃষকের সন্তানরা সম্পূর্ণ নিজস্ব যোগ্যতায় চাকরি পাওয়ায় তারা মহান আল্লাহ তাআলা এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা ও শুকরিয়া প্রকাশ করেন।
ফলাফল প্রকাশ অনুষ্ঠানে নিয়োগ বোর্ডের সভাপতি ও শেরপুরের পুলিশ সুপার জনাব এ, কে, এম জহিরুল ইসলাম জানান, এই নিয়োগ পরীক্ষা শেরপুর জেলা পুলিশের জন্য একটি অভূতপূর্ব দৃষ্টান্ত। পরীক্ষা শতভাগ স্বচ্ছ করতে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছিল। ইতোমধ্যে পরীক্ষা হলে ডিভাইস নিয়ে অনৈতিকভাবে প্রবেশের চেষ্টার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই চক্রের সাথে জড়িত বাকিদেরও আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পুলিশ সুপার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান রাজারবাগ পুলিশ লাইন্সে সুস্পষ্ট নির্দেশনা দিয়েছিলেন যে, সম্পূর্ণ স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ হতে হবে। সেই নির্দেশনা অক্ষরে অক্ষরে পালন করে সচেতনতার সাথে এই নিয়োগ দেওয়া হয়েছে। এখানে কোনো ধরনের গাফিলতি বা অনিয়মের সুযোগ ছিল না।
ফলাফল প্রকাশ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নিয়োগ বোর্ডের সদস্য ও শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোঃ মিজানুর রহমান ভুঞা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোরশেদা খাতুন এবং নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব হাফিজুল ইসলাম। এছাড়াও শেরপুর পুলিশ লাইন্সের আরওআই ইন্সপেক্টর মোহাম্মদ দুলাল আকন্দসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)