জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, নিরাপদ ভূমি এবং সমৃদ্ধ ভবিষ্যৎ— এই প্রতিপাদ্যকে ধারণ করে শেরপুরে এক উৎসবমুখর ও বর্ণাঢ্য পরিবেশে শুরু হয়েছে ভূমিসেবা মেলা ২০২৬। ১৯ মে মঙ্গলবার সকালে রাজধানীর তেজগাঁও ভূমি ভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী এই মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর এই উদ্বোধনী অনুষ্ঠানে শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরাসরি যুক্ত ছিলেন শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন, পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম এবং জেলা পরিষদ প্রশাসক এবিএম মামুনুর রশিদ পলাশসহ জেলার শীর্ষ কর্মকর্তাবৃন্দ। উদ্বোধনের পরপরই জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি সুসজ্জিত ও বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়।
এবারের মেলার উদ্বোধনী দিনেই সাধারণ মানুষের কাছে মূল আকর্ষণ এবং আলোচনার কেন্দ্রে পরিণত হয়েছে শেরপুর ভূমি অফিস। ভূমি অফিসটির একটি দক্ষ, চৌকস ও প্রযুক্তিনির্ভর টিম মেলা প্রাঙ্গণেই স্টল বসিয়ে সেবাগ্রহীতাদের সেবা প্রদান করছে। সেবাগ্রহীতারা আবেদন করা মাত্রই কোনো ধরনের ভোগান্তি বা বিলম্ব ছাড়া, অনস্পট তাৎক্ষণিকভাবে ডিজিটাল পদ্ধতিতে সেবা নিশ্চিত করছে এই টিম। তাদের এই পেশাদারিত্ব এবং দ্রুত সেবা দেওয়ার আন্তরিক প্রচেষ্টা মেলায় আসা হাজারো মানুষের মন জয় করে নিয়েছে এবং চারদিকে প্রশংসায় ভাসছে শেরপুর ভূমি অফিসের এই দক্ষ দল।
মেলা প্রাঙ্গণেই শেরপুর ভূমি অফিসের দক্ষ টিমের কল্যাণে বেশ কয়েকজন সেবাগ্রহীতার হাতে তাৎক্ষণিকভাবে প্রস্তুতকৃত খতিয়ান পর্চা, ই-নামজারি মঞ্জুরির কপি এবং অনলাইন ভূমি উন্নয়ন করের দাখিলা তুলে দেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন ও পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম। কোনো রকম দালালি বা হয়রানি ছাড়া মুহূর্তের মধ্যে সরকারি সেবা হাতে পেয়ে গ্রাহকরা অত্যন্ত আনন্দ ও সন্তোষ প্রকাশ করেছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, কেবল মেলা প্রাঙ্গণেই নয়, মাঠপর্যায়েও শেরপুর জেলা ও সদর ভূমি অফিস সরকারের রাজস্ব খাতে ব্যাপক ও গৌরবোজ্জ্বল ভূমিকা রাখছে। শতভাগ অনলাইন ভূমি উন্নয়ন কর খাজনা আদায় নিশ্চিত করা এবং দ্রুততম সময়ে ই-নামজারি নিষ্পত্তির মাধ্যমে শেরপুর ভূমি অফিস সরকারের রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনে জেলার সবচেয়ে বড় চালিকাশক্তি হিসেবে কাজ করছে। তাদের এই আধুনিক ব্যবস্থাপনা ও কঠোর পরিশ্রমের বিষয়টি মেলায় আগত অতিথিদের নজরে এসেছে এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে তারা বিশেষ সাধুবাদ পেয়েছেন।
ভূমি সেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার এই মহতী অনুষ্ঠানে জেলা প্রশাসন, সুশীল সমাজ ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক আরিফা সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শাকিল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব শেখ জাহিদ হাসান প্রিন্স যার দূরদর্শী নেতৃত্বে জেলার ভূমি রাজস্ব খাত দিন দিন সমৃদ্ধ হচ্ছে, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি সাইফুল ইসলাম কমল, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম এবং প্রেসক্লাব সভাপতি কাকন রেজা।
এছাড়াও জেলা ও ভূমি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত থেকে মেলার উদ্বোধনী অনুষ্ঠানকে মুখরিত করে তোলেন। শেরপুরের সচেতন মহল মনে করছেন, শেরপুর ভূমি অফিসের এই দক্ষ টিমের জনবান্ধব ও প্রযুক্তিনির্ভর কার্যক্রমের ফলে জেলায় ভূমিসংক্রান্ত হয়রানি যেমন বন্ধ হবে, তেমনই সরকারের রাজস্ব আদায়ের গ্রাফ আরও অনেক উর্ধমুখী হবে।





সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন