নবাগত ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমানের দায়িত্ব গ্রহণ

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি ।।
শেরপুরের বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান মডেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে আনুষ্ঠানিক দায়িত্বভার গ্রহণ করেছেন হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক জনাব মোঃ মিজানুর রহমান। আজ ১৮ মে (সোমবার) দুপুরে তিনি আনুষ্ঠানিকভাবে এই দায়িত্বভার বুঝে নেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) নাজিম উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক অফিস আদেশের (স্মারক নম্বর: INS02-1/00346/2022/5115/১২০৭১, তারিখ: ১৬ এপ্রিল, ২০২৬) মাধ্যমে এই নিয়োগ প্রদান করা হয়।
অফিস আদেশ সূত্রে জানা গেছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের গত ২৮ আগস্ট, ২০২৫ তারিখে অনুষ্ঠিত সিন্ডিকেটের ২৭১তম সভার সিদ্ধান্ত এবং ১৩ জানুয়ারি, ২০২৬ তারিখের প্রজ্ঞাপন অনুযায়ী— কলেজ গভর্নিং বডির প্রেরিত ৩ জন শিক্ষকের প্যানেল হতে ভাইস-চ্যান্সেলর মহোদয়ের অনুমোদনক্রমে জনাব মোঃ মিজানুর রহমান-কে এই দায়িত্ব প্রদান করা হলো।
আজ দুপুরে দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠানটি কলেজ প্রাঙ্গণে সম্পন্ন হয়। এ সময় কলেজের ডিগ্রি ও ইন্টারমিডিয়েট পর্যায়ের সকল প্রভাষকবৃন্দ এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত থেকে নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্বাগত জানান ও অভিনন্দন জ্ঞাপন করেন।
উল্লেখ্য, নবনিযুক্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মোঃ মিজানুর রহমান ২০১৩ সালের ৫ই জুন অত্র কলেজে শিক্ষক হিসেবে যোগদান করেন। দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে তিনি অত্যন্ত সুনামের সাথে কলেজে তাঁর শিক্ষাদান কার্যক্রম পরিচালনা করে আসছেন। দায়িত্ব গ্রহণকালে তিনি কলেজের সার্বিক শিক্ষার পরিবেশ উন্নয়ন ও ঐতিহ্য ধরে রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)