শেরপুরে ডিবি পুলিশের জোড়া অভিযান: ১৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি ।।
শেরপুরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বুধবার (১৩ মে) রাতে নকলা ও শেরপুর সদর থানা এলাকায় ধারাবাহিক অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, শেরপুরের পুলিশ সুপার মোঃ এ কে এম জহুরুল ইসলামের দিক-নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিজানুর রহমান ভুঞার সার্বিক তত্ত্বাবধানে জেলা ডিবির অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রেজাউল ইসলাম খানের নেতৃত্বে একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে।
প্রথম অভিযান (নকলা): গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সন্ধ্যা ৭.০৫ ঘটিকায় নকলা থানাধীন পশ্চিম জালালপুর এলাকার বাসিন্দা মোঃ আনোয়ার হোসেন ওরফে আনারের বসতবাড়ির উঠানে অভিযান চালায় ডিবি পুলিশ। সেখান থেকে ১৫০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করা হয় মোঃ মনির মিয়া (২১) নামের এক যুবককে। গ্রেফতারকৃত মনির নকলা পৌরসভার ৪নং ওয়ার্ডের পশ্চিম জালালপুর এলাকার মোঃ শাহাবুদ্দিনের ছেলে।
দ্বিতীয় অভিযান (শেরপুর সদর): পরবর্তীতে গ্রেফতারকৃত মনিরের দেওয়া তথ্যের ভিত্তিতে রাত ৮.৩৫ ঘটিকায় শেরপুর সদর থানাধীন ভীমগঞ্জ বাজারে আরেকটি ঝটিকা অভিযান চালায় ডিবি পুলিশ। সেখান থেকে এই চক্রের অন্যতম সহযোগী হাসিফ খান ওরফে শাওন (২৫)-কে গ্রেফতার করা হয়। শাওন শেরপুর সদর থানার দক্ষিণ সূর্যদী এলাকার বকুল খানের ছেলে।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) জানিয়েছে, ধৃত আসামিরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবার চালিয়ে আসছিল। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকের বিরুদ্ধে ডিবির এমন কঠোর অভিযান অব্যাহত থাকবে বলেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)