শেরপুরে ডিবি পুলিশের অভিযান: ২৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি ।।
শেরপুরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এক বিশেষ অভিযানে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) গভীর রাতে জেলার ঝিনাইগাতী উপজেলার বনগাঁও বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— ঝিনাইগাতী থানার বনগাঁও গ্রামের মৃত মতিবুর রহমান ওরফে মতিউরের ছেলে মোঃ আলম (৩৮) এবং একই গ্রামের মৃত সোহরাব আলীর ছেলে শফিকুল ইসলাম (৩২)।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, শেরপুরের পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলামের দিক-নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিজানুর রহমান ভুঞার সার্বিক তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রেজাউল ইসলাম খানের নেতৃত্বে ডিবি পুলিশের একটি আভিযানিক দল মাদকবিরোধী অভিযানে নামে। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত আনুমানিক ২টা ৩৫ মিনিটের দিকে ঝিনাইগাতী থানাধীন বনগাঁও বাজারস্থ জনৈক মোফাজ্জলের মুদির দোকানের সামনে পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন হিসেবে ওই দুজনকে আটক করে তল্লাশি চালালে তাদের কাছ থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রেজাউল ইসলাম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি করে আসছিল। এই চক্রের সাথে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ জানায়, এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)