শেরপুরে শিশুবান্ধব বিচার ব্যবস্থা নিশ্চিতকরণ এবং ‘স্ট্রেংদেনিং অল্টারনেটিভস এন্ড রেস্টোরেটিভ জাস্টিস সিস্টেম ফর চিলড্রেন’ (এসএআরসি) প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ মে) বিকেলে জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
জেলা বিচার বিভাগের আয়োজনে এবং আইন ও বিচার বিভাগ ও ইউনিসেফ বাংলাদেশের কারিগরি সহায়তায় অনুষ্ঠিত এই সভায় শিশুদের অধিকার সুরক্ষা ও বিকল্প বিরোধ নিষ্পত্তি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন শেরপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ জহিরুল কবির। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ বাহাউদ্দিন আহমেদ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ বুলবুল আহমেদ এবং শেরপুর জেলার নবাগত পুলিশ সুপার এ, কে, এম জহিরুল ইসলাম। এছাড়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি আইনজীবী আশরাফুন্নাহার রুবী সভায় অংশগ্রহণ করেন।
সভায় বিচার বিভাগ, পুলিশ বিভাগ, কারা কর্তৃপক্ষ, আইনজীবী ও সমাজসেবা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ সংশ্লিষ্ট অংশীজন উপস্থিত ছিলেন। বক্তারা শিশুদের অধিকার সুরক্ষা এবং তাদের জন্য একটি নিরাপদ ও সংবেদনশীল বিচারিক পরিবেশ তৈরির ওপর গুরুত্বারোপ করেন। এসময় তারা বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থার আধুনিকায়নের মাধ্যমে আইনি জটিলতা কমিয়ে শিশুদের আইনি সহায়তা প্রদান সহজতর করার উপায় নিয়ে আলোচনা করেন।
সকল দপ্তরের প্রতিনিধিরা শিশুদের জন্য একটি সুরক্ষাবলয় তৈরিতে পারস্পরিক সমন্বয় বৃদ্ধির অঙ্গীকার ব্যক্ত করেন।


সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন