শেরপুরে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে সরকারিভাবে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ কর্মসূচি। ১৬ মে শনিবার দুপুরে জেলা খাদ্যগুদাম প্রাঙ্গণে ফিতা কেটে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা আগামী পাঁচ বছরে শেরপুরকে একটি সমৃদ্ধশালী জেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, "শেরপুরের কৃষকদের পাশে থেকে তাদের সব ধরনের সমস্যা সমাধানের চেষ্টা চালিয়ে যাওয়া হবে। বিশেষ করে বৃহত্তর চরাঞ্চলের কৃষকরা যাতে তাদের উৎপাদিত ফসল ও শাকসবজি ন্যায্যমূল্যে বিক্রি করতে পারেন এবং পণ্য যেন নষ্ট না হয়, সেজন্য এলাকায় একটি আধুনিক প্রযুক্তিসম্পন্ন হিমাগার (কোল্ড স্টোরেজ) স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।" পাশাপাশি স্থানীয় এলএসডি গোডাউনের ধারণক্ষমতা বৃদ্ধির জন্য উচ্চপর্যায়ে জোরালো চেষ্টা চালাবেন বলেও আশ্বাস দেন তিনি।সংগ্রহের লক্ষ্যমাত্রা ও সময়সীমা জেলা খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে সরাসরি কৃষকদের কাছ থেকে প্রতি কেজি ৩৬ টাকা দরে ১১ হাজার ২২৯ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। এছাড়া মিলারদের কাছ থেকে ২৫ হাজার ৬৯৬ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ২ হাজার ১০২ মেট্রিক টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই সংগ্রহ অভিযান আগামী ৩১ আগস্ট পর্যন্ত চলবে।
জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে উদ্বোধনী সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা খাদ্য কর্মকর্তা নাজমুল হক ভূঁইয়া, সদর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নীলু, জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মাওলানা জাকারিয়া মো. আব্দুল বাতেন, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, বিএনপি নেতা শফিউল আলম চাঁন এবং জেলা বিএনপির সাবেক শ্রমবিষয়ক সম্পাদক সুলতান আহমেদ ময়না, কৃষকদল নেতা শফিকুল ইসলাম গোল্ডেন।
সদর উপজেলা খাদ্য গুদামের চলাচল ও সংরক্ষণ কর্মকর্তা সোহেল রানার সঞ্চালনায় অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাকিল আহমেদসহ স্থানীয় কৃষক, ধান ও চাল ব্যবসায়ী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা আশা করছেন, সঠিক সময়ে এই সংগ্রহ অভিযান শুরু হওয়ায় কৃষকরা তাদের উৎপাদিত ফসলের সঠিক মূল্য পাবেন।



সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন