শেরপুরে গ্রাম আদালত বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি ।।
জনগণের দোরগোড়ায় দ্রুত ও সহজে আইনি সেবা পৌঁছে দিতে শেরপুরে উপজেলা রিসোর্স টিম (ইউআরটি)-এর সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ক এক রিফ্রেশার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
আজ ০৯ জুন ২০২৬ খ্রি. তারিখে জেলা প্রশাসন, শেরপুরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের ‘মহারশী’ সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের জেলা প্রশাসক মিজ্ ফরিদা ইয়াসমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকারের উপপরিচালক ও শেরপুর পৌরসভার প্রশাসক মিজ্ আরিফা সিদ্দিকা। শেরপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ নুরুজ্জামান ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, গ্রামীণ জনপদের সাধারণ মানুষের দোরগোড়ায় স্বল্প সময়ে ও স্বল্প খরচে ন্যায়বিচার পৌঁছে দিতে গ্রাম আদালতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রাম আদালতের সেবাকে আরও কার্যকর, স্বচ্ছ ও জনমুখী করতে সংশ্লিষ্টদের নিষ্ঠা এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। তিনি প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান মাঠপর্যায়ে সঠিকভাবে প্রয়োগ করে বিচারপ্রার্থী সাধারণ মানুষের আস্থা অর্জন ও সেবার মান বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
দিনব্যাপী এই প্রশিক্ষণে গ্রাম আদালতের সার্বিক কার্যক্রম পরিচালনা, মামলা ব্যবস্থাপনা, সঠিক নিয়মে রেকর্ড সংরক্ষণ এবং ডিজিটাল পদ্ধতিতে সেবা প্রদান সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় অংশগ্রহণকারীগণ মাঠপর্যায়ে গ্রাম আদালতের কার্যক্রম আরও বেগবান ও কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে নিজ নিজ কর্মক্ষেত্রের অভিজ্ঞতা ও মতামত বিনিময় করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের জেলা ব্যবস্থাপক মো. গোলাম রব্বানীসহ প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এবং আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন প্রতিনিধিবৃন্দ।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)