১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে! শেরপুরে ফুটবল ভক্তের চাঞ্চল্যকর দলবদল

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর  জেলা প্রতিনিধি ।।
আসন্ন ফুটবল বিশ্বকাপ ২০২৬-এর উন্মাদনার পারদ চড়তে শুরু করেছে শেরপুরে। আর এরই মধ্যে জেলা শহরে ঘটে গেল এক অভিনব ও বিনোদনমূলক ঘটনা। আর্জেন্টিনার দীর্ঘদিনের সমর্থক শিবু নামের এক যুবক এবার ১০ লিটার দুধ দিয়ে গোসল করে আনুষ্ঠানিকভাবে সেলেসাও শিবিরে (ব্রাজিল দলে) যোগ দিয়েছেন।
সোমবার (৮ জুন) রাতে শেরপুর জেলা শহরের চাপাতলি এলাকায় এই ব্যতিক্রমী ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে উপস্থিত ছিলেন মেহের খান অপু, আব্দুল্লাহ আল নাইম ও রায়হান ইসলাম রাব্বীসহ স্থানীয় একঝাঁক উল্লাসিত ব্রাজিল সমর্থক।
দল পরিবর্তনের বিষয়ে শিবু জানান, এতদিন কেবল লিওনেল মেসির প্রতি ভালোবাসার টানেই তিনি আর্জেন্টিনাকে সমর্থন করতেন। তবে বর্তমান আর্জেন্টিনা দলের ওপর ভরসা হারিয়ে এবং সেলেসাওদের শৈল্পিক ফুটবল ও তারকা ফরোয়ার্ড নেইমারের প্রতি মুগ্ধ হয়ে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। আনুষ্ঠানিক দলবদলের প্রতীক হিসেবে তিনি আর্জেন্টিনার জার্সি খুলে সবার সামনে ব্রাজিলের ঐতিহ্যবাহী হলুদ জার্সি গায়ে জড়িয়ে নেন।
প্রতি লিটার ৮০ টাকা দরে কেনা ১০ লিটার দুধ দিয়ে গোসল করার এই অভিনব দলবদলের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। স্থানীয় ব্রাজিল সমর্থকরা শিবুকে উষ্ণ অভ্যর্থনায় বরণ করে নিয়েছেন। বিশ্বকাপকে সামনে রেখে শেরপুরের এই শৈল্পিক ও আনন্দঘন দলবদল এখন জেলাজুড়ে ফুটবলপ্রেমীদের প্রধান আলোচনার বিষয়ে পরিণত হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)