বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধার মৃত্যু

মোঃ সাইদুর রহমান সাদী
0
রাশেদুল ইসলাম রনি :
জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোসাম্মৎ শামসুন্নাহার (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শনিবার (১৩ জুন) উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের চন্দ্রাবাজ গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত শামসুন্নাহার ওই গ্রামের মৃত আরজাহানের স্ত্রী।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার রাতে শামসুন্নাহারের নিজ বাড়িতে ধর্মীয় তালিমের (মহিলা তালিম) আয়োজন করা হয়েছিল। তালিম শেষে আমন্ত্রিত অতিথিরা নিজ নিজ বাড়িতে চলে যান। পরে রাত সাড়ে ১২টার পর থেকে শনিবার সকাল ৮টা ২০ মিনিটের মধ্যবর্তী কোনো এক সময়ে বাড়ির বাইরের একটি বৈদ্যুতিক বাতির ঝুলে থাকা তার গোছাতে যান তিনি।
এ সময় অসাবধানতাবশত খোলা বৈদ্যুতিক তারে হাত লেগে বিদ্যুৎস্পৃষ্ট হন শামসুন্নাহার। দীর্ঘ সময় তাকে দেখতে না পেয়ে সকালে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির বাইরে তার মরদেহ পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যরা।খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে এটি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা বলে জানা গেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।”এ ঘটনায় এলাকার শোকের ছায়া নেমে এসেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)