শেরপুরের শ্রীবরদী উপজেলার বটতলা বাজারে মাদকের ভয়াবহ ছোবল থেকে তরুণ ও যুবসমাজকে রক্ষা করার প্রত্যয়ে এক ব্যতিক্রমী মাদক বিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২ জুন মঙ্গলবার রাতে বটতলা বাজার ছাত্র, তরুণ ও যুব সমাজের যৌথ উদ্যোগে ছনকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সভার আয়োজন করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এলাকার বিশিষ্ট সমাজসেবক ও বাংলাদেশ নৌবাহিনীর অবসরপ্রাপ্ত চিফ পেটি অফিসার আব্দুল্লাহ আল মামুন খোকা। সভাপতি হিসেবে তিনি তার বক্তব্যে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার ডাক দেন। নৌবাহিনীর সাবেক এই চৌকস কর্মকর্তা বলেন—"মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রকে ধ্বংস করে দেয়। আমাদের তরুণদের এই মরণনেশা থেকে দূরে রাখতে হলে সামাজিক আন্দোলনের কোনো বিকল্প নেই। শৃঙ্খলা ও দেশপ্রেমের আদর্শে উদ্বুদ্ধ হয়ে যুবসমাজকে মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।" এলাকার মাদক নির্মূল ও যুবসমাজকে সঠিক পথে পরিচালনায় তার এমন বলিষ্ঠ ও সময়োপযোগী নেতৃত্ব উপস্থিত সকলের মাঝে ব্যাপক প্রশংসিত ও আলোড়ন সৃষ্টি করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজ মনীষা আহমেদ। তিনি মরণনেশা মাদকের কুফল তুলে ধরেন এবং একটি সুন্দর ও মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নুরুল আলম। তিনি একটি সম্পূর্ণ মাদকমুক্ত শ্রীবরদী উপজেলা গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং মাদক ব্যবসায়ী ও সেবকদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে সাধারণ মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে মাদকাসক্তদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন শেরপুর স্বজন মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রের চেয়ারম্যান মেহের খান অপু।
এছাড়াও সচেতনতামূলক এই সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান, তাতিহাটি ইউনিয়ন পরিষদ।সুলতান মাহমুদ সুমন, প্রতিষ্ঠাতা সভাপতি, শ্রীবরদী সমাজ কল্যাণ রক্তদান সংস্থা।আবু বক্কর সিদ্দিক, অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট।সাইফুল ইসলাম তালুকদার, স্থানীয় বিএনপি নেতা। নৌবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন খোকার সুদক্ষ পরিচালনায় ও স্থানীয় তরুণদের এই মহতী উদ্যোগে এলাকার বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্কুল-কলেজের বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। সমাপনী বক্তব্যে সভাপতি মাদকের বিরুদ্ধে এই লড়াই আগামীতেও জারি রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন