নকল মোড়কে ভেজাল কীটনাশক এনে দোকান থেকে আসল কীটনাশক হাতিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে ফরহাদ মিয়া নামের এক কলেজছাত্রকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল ৯ জুন মঙ্গলবার দুপুরে শেরপুরের নালিতাবাড়ী পৌর শহরের উত্তর বাজার এলাকার ‘আল আমিন এন্টারপ্রাইজ’ নামক একটি দোকানে এই ঘটনা ঘটে। অপরাধের সত্যতা মেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল মালেক ওই ছাত্রকে ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত ফরহাদ মিয়া নালিতাবাড়ী উপজেলার গোজাকুড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গেছে, কলেজছাত্র ফরহাদ মিয়া অনলাইনের মাধ্যমে কুরিয়ার সার্ভিস ব্যবহার করে নকল ৭ লিটার ‘এমিস্টারটপ ৩২৫ ইসি’ এবং ১ লিটার ‘ইনসিপিও ২০ এসসি’ কীটনাশক সংগ্রহ করেন। মঙ্গলবার দুপুরে তিনি ওই নকল কীটনাশকগুলো নিয়ে উত্তর বাজারের আল আমিন এন্টারপ্রাইজে যান এবং কৌশলে দোকানদারের কাছ থেকে আসল কীটনাশকের সঙ্গে তা অদলবদল করার চেষ্টা করেন।
এ সময় তার কথাবার্তা ও আচরণে সন্দেহ হলে দোকান মালিক তাৎক্ষণিকভাবে বিষয়টি উপজেলা কৃষি অফিসকে জানান। খবর পেয়ে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাশিদুজ্জামান ইমরান দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং কীটনাশকগুলো যাচাই-বাছাই করেন। ল্যাব টেস্ট ও প্রাথমিক তদন্তে কীটনাশকগুলো সম্পূর্ণ ভেজাল ও নকল প্রমাণিত হলে সেখানে ভ্রাম্যমাণ আদালত ডাকা হয়।
অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল মালেক জানান, কৃষকদের স্বার্থ রক্ষা এবং বাজারে ভেজাল কৃষি উপকরণের বিস্তার রোধে প্রশাসনের এই ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। আইন লঙ্ঘনের দায়ে অভিযুক্ত ফরহাদ মিয়াকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং নকল কীটনাশকগুলো জব্দ করা হয়েছে।
তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন কৃষকদের স্বার্থবিরোধী কোনো কর্মকাণ্ডই প্রশাসন বরদাশত করবে না। কৃষি উপকরণে প্রতারণা বা ভেজাল সংক্রান্ত কোনো অনিয়মের তথ্য পেলেই দ্রুত প্রশাসনকে জানানোর জন্য সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানাচ্ছি।

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন