ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২৬ এর আওতায় শেরপুর জেলা ক্রীড়া অফিসের আয়োজনে অনূর্ধ্ব-১৬ বছর বয়সী বালকদের জেলা পর্যায়ের কাবাডি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ ১১ জুন (বৃহস্পতিবার) বিকেলে শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে এই প্রতিযোগিতার সমাপনী ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাইফুল ইসলাম কমল।
শেরপুর জেলা ক্রীড়া অফিসার ধীরেন্দ্র চন্দ্র সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিন্নত আলী, সদস্য সচিব, শেরপুর জেলা ক্রীড়া সংস্থা অ্যাডহক কমিটি।জুলহাস উদ্দিন, সৈয়দ রবিউল করিম মনি, সৈয়দ বদরুল হক রিজভী, মোঃ আব্দুল মান্নান ও মোঃ মনির হোসেন, সদস্য, জেলা ক্রীড়া সংস্থা।শেখ মুহাম্মদ হিমন, ফুটবল কোচ। সুলতান আহমেদ ময়না, বিশিষ্ট সাংবাদিক ও ক্রীড়া ব্যক্তিত্ব।
এছাড়াও শেরপুরের ক্রীড়াঙ্গনের সাবেক খেলোয়াড়বৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সহকারী শিক্ষকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নকআউট পর্বের এই প্রতিযোগিতায় জেলার মোট ০৬ (ছয়) টি দল অংশগ্রহণ করে। টুর্নামেন্টের জমজমাট ফাইনালে মুখোমুখি হয় চরশেরপুর নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয় এবং ইদ্রিসিয়া কামিল মাদ্রাসা।
শ্বাসরুদ্ধকর ও তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে ২৭-২২ পয়েন্টের ব্যবধানে চরশেরপুর নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ইদ্রিসিয়া কামিল মাদ্রাসা কাবাডি দল। রানার্স-আপ হয়ে সন্তুষ্ট থাকতে হয় চরশেরপুর নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয়কে। ফাইনালে চমৎকার নৈপুণ্য প্রদর্শন করে ম্যাচ সেরা (সেরা খেলোয়াড়) নির্বাচিত হন ইদ্রিসিয়া কামিল মাদ্রাসার ৭ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মোঃ মুরাদুজ্জামান।
খেলার শুরুতে জেলা ক্রীড়া অফিসের পক্ষ থেকে অংশগ্রহণকারী খেলোয়াড়দের মাঝে আকর্ষণীয় জার্সি প্রদান করা হয়। ফাইনাল খেলা শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া অফিসার ধীরেন্দ্র চন্দ্র সরকার। এরপর সম্মানিত অতিথিবৃন্দ খেলোয়াড়দের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক ও অনুপ্রেরণাদায়ী বক্তব্য প্রদান করেন। বক্তব্য শেষে অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্স-আপ উভয় দলের হাতে ট্রফি তুলে দেন।
উল্লেখ্য, পুরো টুর্নামেন্টটি সফলভাবে পরিচালনার দায়িত্বে ছিলেন সৈয়দ বদরুল রিজভী, আব্দুল মান্নান, মনিরুজ্জামান, সোহেল রানা, মোঃ আনোয়ার হোসেন এবং সৈয়দ রবিউল করিম মনি। অনূর্ধ্ব-১৬ বালকদের এই চমৎকার ও ঐতিহ্যবাহী খেলাটি উপভোগ করতে স্টেডিয়ামে প্রচুর দর্শকের সমাগম ঘটে।

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন