বিশ্বকাপ উন্মাদনা: শেরপুরে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ র‍্যালি

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0

সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি ।।
ফুটবল বিশ্বকাপ-২০২৬ উপলক্ষে সারা দেশের মতোই ফুটবলের চরম উত্তাপ ও উন্মাদনা ছড়িয়ে পড়েছে সীমান্তবর্তী জেলা শেরপুরে। শহর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামাঞ্চল—সবখানেই এখন ফুটবল ক্রেজ। এই ফুটবল উৎসবের ছোঁয়া থেকে বাদ যায়নি স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোও।
১১ জুন (বৃহস্পতিবার) দুপুরে শেরপুর সরকারি কলেজ মাঠে ঢল নেমেছিল সেলেসাও ভক্তদের। আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে শেরপুর সরকারি কলেজ ব্রাজিল ফ্যানদের উদ্যোগে এক বর্ণাঢ্য আনন্দ র‍্যালির আয়োজন করা হয়। তিনশতাধিক ব্রাজিল সমর্থক প্রিয় দলের জার্সি পরে, হাতে ল্যাটিন আমেরিকার নান্দনিক ফুটবলের দেশ ব্রাজিলের পতাকা ও বাঁশি নিয়ে এই উচ্ছ্বাসে মেতে ওঠেন।
র‍্যালিটি শেরপুর সরকারি কলেজ মাঠ থেকে শুরু হয়ে ঢাক-ঢোল, স্লোগান আর করতালিতে পুরো ক্যাম্পাস মুখরিত করে তোলে।
পরে সমর্থকরা বিশাল পতাকাসহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। পুরো শহর ঘুরে র‍্যালিটি পুনরায় কলেজ মাঠে এসে শেষ হয়।
মিছিলে অংশ নিয়ে জেলা ছাত্রদলের সভাপতি ও কড়া ব্রাজিল সমর্থক নাঈম হাসান উজ্জ্বল বলেন, "নেইমারের নেতৃত্বে ব্রাজিল দল এবারও বিশ্বমঞ্চে তাদের চেনা শৈল্পিক খেলা উপহার দেবে এবং কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করবে। আমাদের ঘরে অলরেডি ৫টি বিশ্বকাপ আছে। যারা আমাদের সাথে অযথা তর্ক করতে আসেন, তাদের প্রতি অনুরোধ—আপনারা আগে ৫টি বিশ্বকাপ জিতে দেখান, তারপর কথা হবে।
একই কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী দিশা অত্যন্ত আশাবাদ ব্যক্ত করে বলেন, "ব্রাজিল মানেই নান্দনিক ফুটবল, সাম্বার জাদু। এবারের দলটির যে কম্বিনেশন, তাতে তারা শতভাগ বিশ্বকাপ জয়ের দাবিদার। ইনশাআল্লাহ, এবার ব্রাজিল ষষ্ঠ শিরোপা জিতে তাদের বহু প্রতীক্ষিত 'হেক্সা' মিশন পূরণ করবে।
অনুষ্ঠানের অন্যতম প্রধান আয়োজক মেহের খান অপু, জাকির হোসেন ও আব্দুল আলিম জানান, ব্রাজিলের ষষ্ঠ বিশ্বকাপ জয়ের স্বপ্ন ও উদ্দীপনা বুকে নিয়েই তাদের এই জমকালো আয়োজন। তারা বলেন, "এই ধরনের আনন্দ র‍্যালি কলেজের সাধারণ শিক্ষার্থীদের মাঝে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করবে। আজ এখানে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের এক অভূতপূর্ব মিলনমেলা বসেছিল। প্রিয় দলকে ভালোবেসে এই ধরনের আয়োজন আগামীতেও অব্যাহত থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)