শেরপুরে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ‘প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬’ (ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং)-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শনিবার (৬ জুন) বিকেলে শেরপুর মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে বর্ণাঢ্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোঃ সায়েদুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের জেলা প্রশাসক মিজ্ ফরিদা ইয়াসমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের পুলিশ সুপার এ, কে, এম জহিরুল ইসলাম।
এছাড়াও অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাকিল আহমেদ এবং সহকারী কমিশনার মোঃ সেলিম রেজা।
অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন কেবল প্রাতিষ্ঠানিক শিক্ষাই নয়, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমেই শিশুদের মানসিক বিকাশ পরিপূর্ণ হয় এবং দেশপ্রেম জাগ্রত হয়। কোমলমতি শিক্ষার্থীদের মাদক, কিশোর অপরাধ ও নৈতিক অবক্ষয় থেকে দূরে থেকে পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যকলাপে আরও বেশি মনোনিবেশ করতে হবে।পরবর্তীতে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং প্রতিযোগিতায় জেলা পর্যায়ে বিজয়ী কৃতি শিক্ষার্থীদের হাতে মেডেল ও সম্মাননা পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, কৃতি শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পুরো আয়োজনটি ক্ষুদে শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতিতে এক মিলনমেলায় পরিণত হয়।

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন