সংসদে ডাঃ প্রিয়াঙ্কার জোরালো দাবি: ৫ কার্যদিবসেই প্রাণ ফিরে পেল শেরপুর হাসপাতালের আইসিইউ

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
শেরপুর জেলা প্রতিনিধি ।।
দীর্ঘ পাঁচ বছরের স্থবিরতা কাটিয়ে অবশেষে আলোর মুখ দেখল শেরপুর জেলা সদর হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ)। সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার বলিষ্ঠ পদক্ষেপ ও জাতীয় সংসদে জনগুরুত্বপূর্ণ এই বিষয়টি উত্থাপনের মাত্র ৫ কার্যদিবসের মাথায় চালু হলো এই ইউনিটটি।
১৪ জুন, রোববার দুপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন ভার্চুয়ালি এই আইসিইউ ইউনিটের শুভ উদ্বোধন ঘোষণা করেন। পরে বিকেল সাড়ে তিনটায় জেলা সদর হাসপাতালের নবম তলায় ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে ইউনিটের দ্বার উন্মোচন করেন শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। বিশেষ কাজে ব্যস্ত থাকায় এমপি ডাঃ প্রিয়াঙ্কা সশরীরে উপস্থিত থাকতে না পারলেও তাঁর সম্মতি ও বিশেষ তদারকিতেই জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ এই অনুষ্ঠানের আয়োজন করে।
জানা গেছে, করোনা মহামারীর সময় প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে এই ইউনিটটি স্থাপন করা হলেও লোকবল সংকটের অজুহাতে দীর্ঘ ৫ বছর এটি পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। সম্প্রতি এমপি ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা ঈদ পরবর্তী সংসদ অধিবেশনের শুরুতেই শেরপুর হাসপাতালের জরাজীর্ণ দশা তুলে ধরে মন্তব্য করেছিলেন— "হাসপাতাল নিজেই এখন আইসিইউতে আছে।"
তাঁর এই সাহসী ও বাস্তবধর্মী বক্তব্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের নজরে আসে। ৭ জুন জাতীয় সংসদে তিনি শেরপুরের স্বাস্থ্য খাতের দুরবস্থা এবং আইসিইউ ইউনিটটি দ্রুত সচল করার জোরালো দাবি জানান। সংসদ অধিবেশন শেষে স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশে তিনি একটি লিখিত আবেদন জমা দেন। সেই আবেদনের প্রেক্ষিতেই মাত্র ৫ কর্ম দিবসের মধ্যে প্রয়োজনীয় লোকবল নিয়োগসহ আইসিইউটি চালুর কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়।
উদ্বোধনকালে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বলেন এটি শেরপুরবাসীর জন্য একটি বহুকাঙ্ক্ষিত অর্জন। আইসিইউ চালুর মাধ্যমে জেলার স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত উন্মোচিত হলো। পর্যায়ক্রমে অন্যান্য সংকটও সমাধান করা হবে।
সাফল্য প্রসঙ্গে ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা এমপি বলেন আমি সংসদের ভেতরে ও বাইরে শেরপুরের মানুষের প্রাণের দাবিগুলো তুলে ধরার চেষ্টা করছি। স্বাস্থ্যমন্ত্রী মহোদয়কে লিখিতভাবে জানানোর পর মাত্র ৫ দিনেই তিনি আইসিইউ চালুর ব্যবস্থা করেছেন, যা সত্যিই ইতিবাচক। ইনশাআল্লাহ, আগামীতেও আমি শেরপুরের সকল সমস্যা সমাধানে এভাবেই নিরলসভাবে কাজ করে যাব।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ শাহিন, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ সেলিম মিয়া, জেলা বিএনপির স্থগিতকৃত কমিটির আহ্বায়ক ও শেরপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি আলহাজ্ব এডভোকেট মোঃ সিরাজুল ইসলাম, জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদলসহ স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।সীমিত জনবল দিয়ে আপাতত কার্যক্রম শুরু হলেও দ্রুত পূর্ণাঙ্গ লোকবল নিয়োগের মাধ্যমে আইসিইউটিকে পুরোপুরি সচল রাখার আশ্বাস দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)