বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শেরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রদল। ছাত্রশিবির কর্তৃক গুম ও অপহরণের নাটক সাজিয়ে প্রকৃত ভিকটিমদের অবমাননা করা, অনলাইনে সংঘবদ্ধভাবে সরকারের বিরুদ্ধে মিথ্যা দোষারোপ এবং গুপ্ত নেতাকর্মীদের দ্বারা ধর্ষণ ও নারী নির্যাতনসহ বিভিন্ন অপরাধের প্রতিবাদে আজ এই কর্মসূচি পালন করা হয়।
রবিবার (১৪ জুন) সকাল থেকেই কেন্দ্রীয় কর্মসূচির ধারাবাহিকতায় শেরপুর জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিল বের করেন ছাত্রদলের নেতাকর্মীরা। বিশেষ করে শেরপুর সরকারি কলেজ ও শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউট, কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউট সহ বিভিন্ন স্কুল-কলেজ ক্যাম্পাসে ছাত্রদলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।
বিক্ষোভ মিছিলগুলো বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যাম্পাস ও আশপাশের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। কর্মসূচিগুলোতে উপস্থিত থেকে সরাসরি নেতৃত্ব দেন শেরপুর জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক খালেদুজ্জামান সিদ্দিকী আসিফ।
কর্মসূচি চলাকালে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ছাত্রশিবির গুম ও অপহরণের মতো সংবেদনশীল বিষয় নিয়ে নাটক সাজিয়ে প্রকৃত গুমের শিকার ভিকটিমদের চরম অবমাননা করছে। একই সাথে তারা অনলাইনে সংঘবদ্ধ চক্রের মাধ্যমে মিথ্যাচার ছড়াচ্ছে এবং তাদের গুপ্ত নেতাকর্মীদের দ্বারা ধর্ষণ ও নারী নির্যাতনের মতো জঘন্য অপরাধ সংঘটিত করছে। এসব ঘৃণ্য কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তা বন্ধের দাবি জানান ছাত্রনেতারা।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে শেরপুর জেলা ছাত্রদল, বিভিন্ন সরকারি কলেজ, থানা ও পৌর ছাত্রদলের শীর্ষ নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক সাধারণ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন