নামজারি করে দেওয়ার নামে অতিরিক্ত অর্থ আদায়, দেওয়ানগঞ্জে যুবকের ৭ দিনের কারাদণ্ড

মোঃ সাইদুর রহমান সাদী
0
রাশেদুল ইসলাম রনি :
জামালপুরের দেওয়ানগঞ্জে ভূমি অফিসে নামজারি (খারিজ) করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে অতিরিক্ত অর্থ আদায় এবং বেআইনিভাবে অন্যের নামজারির নথি নিজের কাছে রাখার অভিযোগে রফিকুল ইসলাম রবিন (৪৫) নামে এক যুবককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৭ জুন) দুপুরে উপজেলা ভূমি অফিসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন।
দণ্ডপ্রাপ্ত রফিকুল ইসলাম রবিন উপজেলার হাতীভাঙ্গা ইউনিয়নের সাপমারি গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে। তিনি দেওয়ানগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে মহুরির কাজ করেন বলে জানা গেছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, রোববার দুপুরে রবিন অন্য এক ব্যক্তির নামে জমির নামজারি (খারিজ) সংক্রান্ত তদবিরের উদ্দেশ্যে সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে যান। এ সময় বিষয়টি সহকারী কমিশনার (ভূমি)-এর অতিরিক্ত দায়িত্বে থাকা ইউএনও শাহ জহুরুল হোসেনের নজরে আসে।
পরবর্তীতে তার কাছে তল্লাশি চালিয়ে অন্য ব্যক্তির নামজারির গুরুত্বপূর্ণ নথিপত্র পাওয়া যায়। অভিযোগ রয়েছে, তিনি নামজারি দ্রুত সম্পন্ন করে দেওয়ার আশ্বাস দিয়ে অতিরিক্ত অর্থ আদায় করতেন এবং বেআইনিভাবে বিভিন্ন ব্যক্তির নথি নিজের কাছে রাখতেন।
অভিযোগের সত্যতা পাওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে রফিকুল ইসলাম রবিনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
উপজেলা প্রশাসন জানিয়েছে, সরকারি সেবা গ্রহণে দালালচক্র ও অনিয়মের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি সাধারণ মানুষকে কোনো ধরনের মধ্যস্থতাকারীর আশ্রয় না নিয়ে সরাসরি সরকারি অফিস থেকে সেবা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)