স্থানীয় পর্যায়ে সাধারণ মানুষের সহজ, দ্রুত ও স্বল্প ব্যয়ে বিরোধ নিষ্পত্তির কার্যকর মাধ্যম হিসেবে গ্রাম আদালতকে আরও গতিশীল করার লক্ষ্যে শেরপুরে এক বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ৭ জুন রবিবার দিনে শেরপুর জেলা প্রশাসনের আয়োজনে শহরের হোটেল ‘আয়সার ইন’-এ এই গ্রাম আদালত বিষয়ক রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী আয়োজিত এই প্রশিক্ষণে জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর এবং ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের জেলা প্রশাসক মিজ্ ফরিদা ইয়াসমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকারের উপপরিচালক ও শেরপুর পৌরসভার প্রশাসক মিজ্ আরিফা সিদ্দিকা।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মিজ্ ফরিদা ইয়াসমিন বলেন, "গ্রাম আদালত প্রান্তিক জনগণের দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দেওয়ার এক অনন্য মাধ্যম। এর পরিধি বৃদ্ধি এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সচেতনতা সৃষ্টির মাধ্যমে গ্রাম আদালতকে আরও কার্যকর করে তুলতে হবে।" প্রশিক্ষণে অর্জিত জ্ঞান ও দক্ষতাকে মাঠপর্যায়ে যথাযথভাবে কাজে লাগিয়ে সাধারণ মানুষের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করতে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।
প্রশিক্ষণ কর্মশালায় গ্রাম আদালতের বাস্তব কার্যক্রম পরিচালনা, দক্ষ মামলা ব্যবস্থাপনা, যথাযথ রেকর্ড সংরক্ষণ এবং সেবার মানোন্নয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে বিস্তারিত আলোচনা ও দিকনির্দেশনা প্রদান করা হয়। এছাড়া অংশগ্রহণকারী কর্মকর্তাবৃন্দ মাঠপর্যায়ে গ্রাম আদালতের কার্যক্রম আরও বেগবান ও কার্যকরভাবে বাস্তবায়নের ক্ষেত্রে নিজেদের বাস্তব অভিজ্ঞতা ও নানা চ্যালেঞ্জের কথা বিনিময় করেন।

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন