শেরপুরে মাননীয় প্রধানমন্ত্রীর '৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ' কর্মসূচির শুভ উদ্বোধন

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি :
পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ে শেরপুরে শুরু হয়েছে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি। ১৩ জুন ২০২৬ তারিখে কক্সবাজারের ডুলাহাজরায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি-এঁর নির্বাচনী প্রতিশ্রুতি ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির শুভ উদ্বোধনের সঙ্গে সংগতি রেখে এই জেলাভিত্তিক কর্মসূচির আয়োজন করা হয়। জেলা প্রশাসন, শেরপুর-এর ব্যবস্থাপনায় শেরপুর সার্কিট হাউস প্রাঙ্গণে এই যৌথ উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়।
সার্কিট হাউস প্রাঙ্গণে একটি স্মারক বৃক্ষ হিসেবে ‘পলাশ’ গাছের চারা রোপণের মাধ্যমে জেলাভিত্তিক এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরবর্তীতে অতিথিবৃন্দ শেরপুর শহরের শেরী ব্রিজ, কুসুমহাটি ও শহীদ মিনার এলাকায় পলাশ, শিমুল, কৃষ্ণচূড়াসহ বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা রোপণ করেন। একই সাথে শেরপুর জেলার অন্য সব উপজেলায়ও একযোগে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য (সংরক্ষিত মহিলা আসন) ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। জেলা প্রশাসক, শেরপুর মিজ্‌ ফরিদা ইয়াসমিন,পুলিশ সুপার, শেরপুর এ, কে, এম জহিরুল ইসলাম,জেলা পরিষদ প্রশাসক, শেরপুর এ. বি. এম. মামুনুর রশিদ পলাশ, শেরপুর জেলা বিএনপির সাবেক আহবায়ক ও সদর থানা বিএনপির আহবায়ক বিশিষ্ট দানবীর আলহাজ্ব মোঃ হযরত আলী ,শেরপুর জেলা বিএনপির স্থগিতকৃত কমিটির আহ্বায়ক ও জেলা আইনজীবী সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম, উপপরিচালক (স্থানীয় সরকার) ও প্রশাসক, শেরপুর পৌরসভা মিজ্‌ আরিফা সিদ্দিকা,বিভাগীয় বন কর্মকর্তা কাজী মুহাম্মদ নূরুল করিম,উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মো. সাখাওয়াত হোসেন, জেলা আদালতের বিজ্ঞ জিপি অ্যাডভোকেট খন্দকার মাহবুবুল আলম রকীব,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ জাহিদ হাসান প্রিন্স,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাকিল আহমেদ, জামায়েত ইসলামী শেরপুর জেলা শাখার শুরা সদস্য আলহাজ্ব জাকারিয়া আব্দুল বাতেন,জেলা শিক্ষা কর্মকর্তা মো. রেজুয়ান, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, সাঃ সম্পাদক মাসুদ হাসান বাদল, কার্যকরী সভাপতি রফিক মজিদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা।
এছাড়াও অনুষ্ঠানে শেরপুরের অন্যান্য অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, রোভার স্কাউট ও গার্লস গাইডের সদস্যবৃন্দ, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, সচেতন নাগরিক এবং সমাজের সুধীজন উপস্থিত ছিলেন। মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত এই ঐতিহাসিক কর্মসূচিকে সফল করতে উদ্বোধনের দিনেই শেরপুর জেলায় একযোগে প্রায় ৮,০০০টি বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা রোপণ করা হয়েছে। এর মধ্যে শেরপুর সদর উপজেলায় প্রায় ২,৬০০টি এবং শ্রীবরদী উপজেলায় ৩,০০০টি চারা রোপণ করা হয়।
এই বিশাল কর্মযজ্ঞের জন্য প্রয়োজনীয় চারা সরবরাহ করেছে জেলা পরিষদ, শেরপুর; শেরপুর পৌরসভা; সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এবং বন বিভাগ। পাশাপাশি মাননীয় সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার ব্যক্তিগত পক্ষ থেকেও বিপুল পরিমাণ বিভিন্ন প্রজাতির গাছের চারা সরবরাহ করা হয়। কেবল চারা রোপণই নয়, সেগুলোর শতভাগ বেঁচে থাকা নিশ্চিত করতে নেওয়া হয়েছে ব্যতিক্রমী উদ্যোগ। রোপণকৃত প্রতিটি চারাকে সুরক্ষার জন্য শক্ত বাঁশের বেড়া দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। একই সঙ্গে চারাগুলোর যথাযথ পরিচর্যা, পানি দেওয়া ও সংরক্ষণের লক্ষ্যে রোভার স্কাউট, গার্লস গাইড, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী এবং সচেতন এলাকাবাসীর ওপর নির্দিষ্ট দায়িত্ব অর্পণ করা হয়েছে। অতিথিবৃন্দ সবাইকে অত্যন্ত দায়িত্বশীলতার সঙ্গে এই তদারকি কাজ পালনের আহ্বান জানান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের এই ক্রান্তিলগ্নে ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। মাননীয় প্রধানমন্ত্রীর এই দূরদর্শী কর্মসূচি টেকসই পরিবেশ নিশ্চিত করতে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ-শ্যামল বাংলাদেশ বিনির্মাণে যুগান্তকারী ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উপস্থিত অতিথিবৃন্দ দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)