একটি জ্ঞানভিত্তিক, প্রযুক্তিনির্ভর ও স্মার্ট সমাজ বিনির্মাণে বিজ্ঞান চর্চার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন শেরপুরের জেলা প্রশাসক মিজ্ ফরিদা ইয়াসমিন। ১৪ জুন রবিবার সকালে শহরের ডিসি উদ্যানে শিক্ষক ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত ‘Start Up, Science Project & Innovation Idea Showcasing Program’-এর গ্র্যান্ড ওপেনিংয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। সকালে জেলা প্রশাসক মিজ্ ফরিদা ইয়াসমিন উপস্থিত অতিথি এবং শিক্ষক-শিক্ষার্থীদের সাথে নিয়ে লাল ফিতা কেটে এবং আকাশে রং-বেরঙের বেলুন ও ফেস্টুন উড়িয়ে জেলা পর্যায়ের এই মেগা প্রদর্শনীর শুভ উদ্বোধন ঘোষণা করেন।
উদ্বোধন শেষে তিনি মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এ সময় শিক্ষার্থীরা তাদের তৈরি বিভিন্ন বিজ্ঞানভিত্তিক প্রজেক্ট, নতুন স্টার্টআপ উদ্যোগ এবং আইসিটি-নির্ভর উদ্ভাবনী আইডিয়া জেলা প্রশাসকের সামনে বিস্তারিতভাবে উপস্থাপন করেন। জেলা প্রশাসক অত্যন্ত মনোযোগ সহকারে প্রতিটি উদ্ভাবন দেখেন এবং ক্ষুদে বিজ্ঞানী ও উদ্যোক্তাদের মেধার প্রশংসা করে তাদের নানা দিকনির্দেশনা ও উৎসাহ প্রদান করেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মিজ্ ফরিদা ইয়াসমিন বলেন স্মার্ট বাংলাদেশ গড়ার মূল চালিকাশক্তি হলো আমাদের নতুন প্রজন্ম। জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে বিজ্ঞান শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের কেবল পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না থেকে কৌতূহলী, অনুসন্ধিৎসু ও সৃজনশীল মনোভাব গড়ে তুলতে হবে।”
বিজ্ঞান ও প্রযুক্তিকে সাধারণ মানুষের মাঝে আরও জনপ্রিয় করার তাগিদ দিয়ে তিনি বলেন, আগামী দিনেও শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্কতা, উদ্ভাবনী সক্ষমতা এবং নতুন উদ্যোক্তা বিকাশে সহায়ক এমন যেকোনো সৃজনশীল উদ্যোগের সঙ্গে শেরপুর জেলা প্রশাসন সবসময় সক্রিয়ভাবে সম্পৃক্ত থাকবে। সফলভাবে এই মেলা আয়োজনের জন্য তিনি সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।
জেলা প্রশাসকের এই অনন্য উদ্যোগে বিশেষ অতিথি হিসেবে মেলা প্রাঙ্গণে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এ,কে,এম জহুরুল ইসলাম, উপ-পরিচালক স্থানীয় সরকার ও পৌর প্রশাসক মিজ্ আরিফা সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ জাহিদ হাসান প্রিন্স, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাকিল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাইফুল ইসলাম কমল, শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ আসমা বিনতে রফিক, জেলা শিক্ষা অফিসার মোঃ রেজওয়ান।
এছাড়াও জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং বিপুল সংখ্যক বিজ্ঞানমনস্ক দর্শনার্থী উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসকের বিশেষ উদ্যোগে আয়োজিত এই প্রদর্শনী জেলার শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে মাইলফলক হয়ে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এই আয়োজনের মধ্য দিয়েই শেরপুর থেকে আগামী দিনের বিজ্ঞানী, উদ্ভাবক ও সফল উদ্যোক্তা তৈরি হবে—এমনটাই আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন