জামালপুরের বকশীগঞ্জে প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত, বাস্তব জ্ঞান অর্জন, মানসিক বিকাশ এবং পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষা সফর ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছে দুর্বার যুব সমাজসেবা সমিতি (ডিজেএসএস)।
সংগঠনটির নির্বাহী পরিচালক মো. রবিউল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত দিনব্যাপী এ কর্মসূচিতে বিভিন্ন শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন। শিক্ষা সফরে শিক্ষার্থীরা আনন্দঘন পরিবেশে বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রমে অংশ নেয় এবং বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে ধারণা লাভ করে।
দুর্বার যুব সমাজসেবা সমিতি ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত হলেও শিক্ষা কার্যক্রম শুরু করে ২০২১ সালে। এরপর থেকে সংগঠনটি শিক্ষা, মানবিক উন্নয়ন এবং সামাজিক সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। বর্তমানে জামালপুর ও শেরপুর জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়নে তাদের শিক্ষা কার্যক্রম প্রশংসিত হচ্ছে।
ডিজেএসএসের শিক্ষা কার্যক্রমের আওতায় শিক্ষার্থীদের বিনামূল্যে খাতা, কলমসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। পাশাপাশি স্বল্প খরচে আধুনিক ও যুগোপযোগী শিক্ষা গ্রহণের সুযোগ সৃষ্টি করায় দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের অনেক শিশুই নিয়মিত শিক্ষার আওতায় আসছে।
সংগঠনের কর্মকর্তারা জানান, যোগাযোগ ব্যবস্থা অনুন্নত হওয়ায় অনেক শিশু বিদ্যালয়মুখী হতে পারে না। এসব প্রত্যন্ত এলাকায় শিক্ষার আলো পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে দুর্বার যুব সমাজসেবা সমিতি। শিক্ষা সফরের মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের একঘেয়ে পাঠদান পদ্ধতির বাইরে এনে আনন্দের মাধ্যমে শেখার প্রতি আগ্রহ সৃষ্টি করা।
দুর্বার যুব সমাজসেবা সমিতির নির্বাহী পরিচালক মো. রবিউল ইসলাম বলেন, “আমাদের লক্ষ্য শুধু শিক্ষাদান নয়, বরং একজন আদর্শ, সচেতন ও মানবিক নাগরিক গড়ে তোলা।” তিনি আরও বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই ডিজেএসএস শিক্ষার প্রসারে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য শিক্ষা ও মানবিক উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
স্থানীয় অভিভাবক ও সচেতন মহল সংগঠনটির এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তাদের মতে, শিক্ষা সফর, বৃক্ষরোপণ এবং শিক্ষাবান্ধব কার্যক্রম শিক্ষার্থীদের মেধা, মনন ও মানবিক গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার বিস্তারে ডিজেএসএসের এ উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হবে।

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন