শেরপুরের নকলা মহাসড়কে যাত্রীবাহী বাসচাপায় আব্দুল কাদির (৬০) নামে এক পথচারী নিহত হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এই দুর্ঘটনা ঘটে।
আব্দুল কাদির স্বদেশ ডায়াগনস্টিক সেন্টারের কর্মকর্তা ছিলেন। তিনি নকলা উপজেলার গণপদ্দী ইউনিয়নের উত্তর গণপদ্দী গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার নকলার হলপট্টি মোড়ে যাত্রী উঠানোকে কেন্দ্র করে ঢাকাগামী একটি বাসচালক ও কয়েকজন সিএনজিচালকের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় বাসচালক বাস থেকে নেমে গেলে হেলপার স্টিয়ারিং নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেন। একপর্যায়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা আব্দুল কাদিরকে ধাক্কা দেয়। এ সময় স্থানীয়রা তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাবনাজ তাকে মৃত ঘোষণা করেন।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ বলেন, ‘দুর্ঘটনা কবলিত রংধনু পরিবহন বাসটিকে উদ্ধার করে নকলা থানায় নেয়া হয়েছে। সেই সঙ্গে বাসের চালক ও সহকারীকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।’

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন