জামালপুরের দেওয়ানগঞ্জ পৌর শহরের চরভবসুর সাহাবুদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলমকে তার বিরুদ্ধে ওঠা বিভিন্ন অনিয়মের অভিযোগে চলমান তদন্ত কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার স্বার্থে সাময়িকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে জারি করা এক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, চর ভবশুর সাহাবউদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে বিদ্যালয়ের আয়-ব্যয়ের হিসাবে অনিয়ম, অনুমোদন ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকা এবং মোবাইল কোর্টে সাজাপ্রাপ্ত বিদ্যালয়ের এক কর্মচারীকে সাজাভোগকালীন সময়ে বেতন প্রদান ও হাজিরা খাতায় স্বাক্ষর করানোর অভিযোগসহ বিভিন্ন বিষয়ে তদন্তের জন্য বৃহস্পতিবার উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানবেন্দ্র দাসকে আহ্বায়ক করে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত সুষ্ঠু তদন্তের স্বার্থে প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলমকে বর্তমান দায়িত্ব থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।
এদিকে, তদন্তকালীন সময়ে বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মাছুদুজ্জামানকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন বলেন, প্রধান শিক্ষকের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে তদন্তের জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কার্যক্রমে কোনো ধরনের প্রভাব যাতে না পড়ে, সে জন্য তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে সাময়িকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন