বকশীগঞ্জে বেহাল কাঁচা রাস্তা, দুর্ভোগে ৬০ পরিবারের মানুষ

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
রাশেদুল ইসলাম রনি ।।
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের আইড়মারী পুরাতন পাড়া এলাকায় দীর্ঘদিন ধরে একটি কাঁচা রাস্তা বেহাল অবস্থায় পড়ে রয়েছে। এতে ওই এলাকার প্রায় ৬০টি পরিবারের মানুষ প্রতিদিন চরম দুর্ভোগের মধ্য দিয়ে চলাচল করছেন।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কার না হওয়ায় বিভিন্ন স্থানে গর্ত ও খানাখন্দের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টি হলেই কাঁচা রাস্তাটি কাদায় পরিণত হয়। এতে পথচারী, অটোরিকশা চালক, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে বর্ষা মৌসুমে দুর্ভোগ আরও বেড়ে যায়।
স্থানীয় বাসিন্দা মো. দুদু মিয়া বলেন, “রাস্তাটির অবস্থা অনেকদিন ধরেই খারাপ। প্রতিদিন আমাদের কষ্ট করে চলাচল করতে হচ্ছে। দ্রুত রাস্তাটি সংস্কার করা প্রয়োজন।”
মো. আলী আকবর খান বলেন, “এই রাস্তা দিয়ে এলাকার মানুষ নিয়মিত চলাচল করেন। কিন্তু রাস্তার বেহাল অবস্থার কারণে সময়মতো গন্তব্যে পৌঁছানো কঠিন হয়ে পড়ে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত সংস্কারের দাবি জানাই।”
মো. দুলাল মিয়া বলেন, “বৃষ্টি হলে রাস্তায় হাঁটাচলাই কঠিন হয়ে যায়। অসুস্থ রোগী ও জরুরি প্রয়োজনে যানবাহন চলাচলেও সমস্যা হয়।”
হাসান মিয়া বলেন, “দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কারের দাবি জানিয়ে আসছি। একটি ভালো রাস্তা আমাদের এলাকার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা।”
অটোরিকশাচালক ফখরুজ্জামান বলেন, “রাস্তার অবস্থা খারাপ হওয়ায় অটো নিয়ে চলাচল করতে অনেক সমস্যা হয়। কোথাও কোথাও গর্ত এড়িয়ে চলতে হয়। এতে গাড়িরও ক্ষতি হচ্ছে।”
এলাকার শিক্ষার্থীরা জানান, বর্ষাকালে কাদা ও পানির কারণে স্কুল-কলেজে যাতায়াতে তাদের চরম দুর্ভোগ পোহাতে হয়। দ্রুত রাস্তাটি সংস্কার করা হলে শিক্ষার্থীসহ এলাকার সব মানুষের চলাচল সহজ হবে।
এ বিষয়ে এলাকার লন্ডনপ্রবাসী প্রকৌশলী সাইদ হাসান বলেন, “সরকারি উদ্যোগের অপেক্ষায় না থেকে এলাকার মানুষের চলাচলের সুবিধার জন্য আমরা নিজেদের অর্থায়নে যতটুকু সম্ভব মাটি কেটে রাস্তা চলাচলের উপযোগী করার চেষ্টা করেছি। তবে স্থায়ীভাবে সমস্যার সমাধানের জন্য রাস্তাটি সরকারি উদ্যোগে সংস্কার করা প্রয়োজন।”
স্থানীয়রা জানান, রাস্তাটি সংস্কার হলে প্রায় ৬০টি পরিবারের পাশাপাশি আশপাশের এলাকার মানুষেরও চলাচলে সুবিধা হবে। তাই দ্রুত রাস্তাটি সংস্কার করে জনদুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
এ বিষয়ে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, “এখন পর্যন্ত এ বিষয়ে লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে বিষয়টি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)