সুপারিশকৃত সারের যথাযথ ব্যবহার বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

মোঃ সাইদুর রহমান সাদী
0
নিজস্ব প্রতিবেদক।। 
জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নে কমিউনিটি মার্কেট এজেন্ট ও উৎপাদক দলের দলনেতাদের নিয়ে সুপারিশকৃত সারের যথাযথ ব্যবহার বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭-৯-২০২৬)ইং দিনব্যাপী কেন্দুয়া ইউনিয়নের বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ের হলরুমে, অস্ট্রেলিয়ান সরকারের সহায়তায় অস্ট্রেলিয়ান এনজিও কো-অপারেশন প্রোগ্রাম (ANCP)–এর অর্থায়নে “জেন্ডার ইনক্লুসিভ মার্কেট সিস্টেমস ফর ইম্প্রুভড নিউট্রিশন (GESMIN)” প্রকল্পের আওতায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও উন্নয়ন সংঘ এই কর্মসূচি বাস্তবায়ন করেছে।
সভার শুভ উদ্ভোধন ও উদ্দেশ্য নিয়ে আলোচনা করেন বিজনেস ডেভেলপমেন্ট অফিসার গৌরাঙ্গ চন্দ্র সাহা।
উপ-সহকারী কৃষি অফিসার মোছা: পলি খাতুন বলেন- ফসলের উৎপাদন বাড়াতে শুধু বেশি সার ব্যবহার করলেই হবে না; মাটি, ফসল ও কৃষি প্রযুক্তি অনুযায়ী সুপারিশকৃত মাত্রায় সঠিক সময়ে সঠিক পদ্ধতিতে সার প্রয়োগ করতে হবে। অতিরিক্ত বা অপরিকল্পিত সার ব্যবহারে একদিকে যেমন কৃষকের উৎপাদন খরচ বেড়ে যায়, অন্যদিকে মাটির উর্বরতা কমে যেতে পারে এবং পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়তে পারে।
আরও বলেন, সুষম সার ব্যবহারের মাধ্যমে মাটির স্বাস্থ্য ভালো রাখা, ফসলের গুণগত মান ও উৎপাদনশীলতা বৃদ্ধি এবং কৃষকের অপ্রয়োজনীয় ব্যয় কমানো সম্ভব। তাই কৃষকদের মধ্যে সুপারিশকৃত সার ব্যবহারের বিষয়ে জ্ঞান ও সচেতনতা বৃদ্ধি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিশেষ করে কমিউনিটি মার্কেট এজেন্ট ও উৎপাদক দলের দলনেতারা নিজ নিজ এলাকায় অন্যান্য কৃষকদের সুপারিশকৃত মাত্রায় সার ব্যবহারে উৎসাহিত করলে নিরাপদ, টেকসই ও লাভজনক কৃষি ব্যবস্থা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সভায় উল্লেখ করা হয়।
সভায় কৃষকদের মাটি পরীক্ষা, ভেল্যুচেইন ফসল-ধান,মরিচ,বেগুন,ভুট্টা, পাতা জাতীয় শাক-সবজি, সরিষা ও টমেটোর সুষম সারের মাত্রার চাহিদা, সঠিক সময়ে সার প্রয়োগ এবং কৃষি বিভাগের সার সুপারিশ মালা অনুসরণ করার আহ্বান জানানো হয়।
কমিউনিটি মার্কেট এজেন্ট মাহমুদা সুলতানা বলেন-কৃষকদের সচেতনতা বৃদ্ধির মাধ্যমে সারের অপচয় রোধ, উৎপাদন খরচ কমানো এবং টেকসই কৃষি নিশ্চিত করা সম্ভব।
কুমারপাড়া মধ্যপাড়া নারী উৎপাদক দলের সভাপতি সফুরা বেগম বলেন -আমরা আজ খামারী এ্যাপস এর ব্যবহার এবং কৃষি কল সেন্টার -১৬১২৩ এর ব্যবহার সম্পর্কে শিখতে পারলাম। এই এ্যাপস ও ১৬১২৩ এর ব্যবহার আমরা প্রতিটা দলের সদস্যদের শিখতে, ব্যবহার করতে উৎসাহিত করবো এবং সকলে এই কার্যক্রম চলমান রাখবো।
মৌহাডাংগা উত্তরপাড়া নারী উৎপাদক দলের কোষাদক্ষ আম্বিয়া বেগম বলেন -ফেস্টুন বেইজ সার সুপারিশ মালা দেখে নিজেরা জমিতে সার প্রয়োগ করবো এবং অন্যদের এই সুপারিশ মালার নির্দেশনা অনুযায়ী সার প্রয়োগ করতে উৎসাহিত করবো।
সভায় উপস্থাপনার পাশাপাশি সেইফগার্ড পলিসি,দূর্নীতি প্রতিরোধে সচেতনতা,হটলাইন নাম্বার এবং জিরো-৫ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন কমিউনিটি ফেসিলিটেটর মাসুদ রানা।
সভায় আরো সহযোগিতা করেন কমিউনিটি ফেসিলিটেটর কানিজ ফাতেমা ও সানজিদা খাতুন।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)