শেরপুরে হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ, গ্রেপ্তার ও নিরপেক্ষ তদন্তের দাবি

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি ।।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সহিংসতার জেরে শেরপুরে ধানের শীষ প্রতীকের প্রার্থীর এজেন্ট ও স্থানীয় সাংবাদিক গিয়াস উদ্দিন রাসেলের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বিএনপি নেতাকর্মীরা। একই সঙ্গে হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।
বুধবার বিকেল সাড়ে ৩টায় জেলা প্রশাসকের কার্যালয়ের (ডিসি গেট) সামনে এ কর্মসূচি পালন করা হয়। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, নির্বাচনের ফলাফল ঘোষণার পর রাজনৈতিক প্রতিহিংসার জেরে এ হামলার ঘটনা ঘটে। এতে শেরপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ধানের শীষের এজেন্ট ও স্থানীয় সাংবাদিক গিয়াস উদ্দিন রাসেল গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
সমাবেশে বক্তব্য রাখেন শেরপুর সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মো. সাইফুল ইসলাম, জেলা কৃষক দলের সাবেক সভাপতি মো. আঙ্গুর আলী (আঙ্গুর ভাই), জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নিয়ামুল হাসান আনন্দ, শেরপুর সদর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিনুর রহমান শিপন এবং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. শহিদুল ইসলাম (ভিপি)। এছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক শ্রমবিষয়ক সম্পাদক সুলতান আহমেদ ময়না ও অন্যান্য নেতৃবৃন্দ। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সদর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম (ভিপি)।
বক্তারা বলেন, নির্বাচনের পরপরই রাজনৈতিক প্রতিপক্ষের কর্মীদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হচ্ছে। হামলাকারীরা অতর্কিতভাবে আক্রমণ করে গিয়াস উদ্দিন রাসেলকে হত্যাচেষ্টার উদ্দেশ্যে গুরুতরভাবে আহত করেছে বলেও অভিযোগ করেন তারা।
উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. শহিদুল ইসলাম (ভিপি) বলেন, “দোষীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। সুষ্ঠু বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।”
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ডিসি গেট সংলগ্ন বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বক্তারা অবিলম্বে জড়িতদের গ্রেপ্তার, নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি বিভিন্ন কেন্দ্রে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনাতেও প্রতিবাদ জানানো হয়।
বিক্ষোভ কর্মসূচি থেকে লিখিত অভিযোগ দেওয়ার ঘোষণাও দেন নেতৃবৃন্দ। সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)