সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি।
নির্বাচনী প্রচারণার শেষ দিনে আবেগঘন বক্তব্যে শেরপুর-১ (সদর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী সানসিলা জেবরিন প্রিয়াংকা জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল–এর প্রতি দ্রুত শেরপুরে এসে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করার আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার সকাল ১০টায় শেরপুর শহরের মাদাবপুর এলাকায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, নির্বাচনের পরিস্থিতি মোটামুটি ভালো থাকলেও সহযোগিতার অভাবে তিনি অনেকটা “অভিভাবকহীন” অনুভব করছেন। তার দাবি, শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতি) আসনের নির্বাচন স্থগিত থাকায় ওই এলাকার অনেক নেতাকর্মী বিভিন্নভাবে অন্য আসনের রাজনীতিতে সক্রিয় হয়ে পড়েছেন, ফলে সাংগঠনিক সমন্বয়ে কিছুটা দুর্বলতা তৈরি হয়েছে।
প্রিয়াংকা বলেন, “রুবেল সাহেব আমাদের রাজনৈতিক মুরুব্বি। তার নিজস্ব বিপুলসংখ্যক নেতাকর্মী রয়েছে। আমি হাতজোড় করে অনুরোধ করছি—সম্ভব হলে তিনি যেন শেরপুরে এসে অথবা অন্তত নির্দেশনার মাধ্যমে ধানের শীষের পক্ষে সবাইকে একত্রিত করেন। এখনও সময় পুরোপুরি শেষ হয়ে যায়নি।”
তিনি আরও বলেন, দলে মতপার্থক্য থাকতে পারে, কিন্তু ধানের শীষের প্রতীক, খালেদা জিয়া ও তারেক রহমানের প্রশ্নে বিভক্তি থাকা উচিত নয়। অল্প সময়ের জন্য হলেও রুবেল শেরপুরে এসে কাজ করলে সদর ও শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে দলের বিজয় সহজ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
গত রাতে সদর উপজেলার দুটি নির্বাচনী কেন্দ্রে আগুন লাগার ঘটনায় প্রিয়াংকা নেতাকর্মীদের সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়ে বলেন, “কেউ যেন কোনো ধরনের প্রতিশোধমূলক কর্মকাণ্ডে জড়িত না হয়। ধৈর্য ও শান্তিপূর্ণ আচরণের মাধ্যমেই আমরা নির্বাচন শেষ করতে চাই।”
এ সময় ধানের শীষের প্রার্থীর প্রধান এজেন্ট ও বিএনপি নেতা হযরত আলী বলেন, দীর্ঘ সময় পর মানুষ ভোট দিতে মুখিয়ে আছে। বর্তমান পরিস্থিতিতে বিভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ করা জরুরি এবং রুবেল শেরপুরে এলে সেই ঐক্য প্রতিষ্ঠা আরও সহজ হবে।


সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন