রাশেদুল ইসলাম রনি।।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নে পতাকা উত্তোলনকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। কয়েক ঘণ্টার ব্যবধানে স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ের সামনে অগ্নিসংযোগ ও ‘পাবলিক টয়লেট’ সাইনবোর্ড স্থাপনের ঘটনা ঘটে।জানা যায়, ২১ ফেব্রুয়ারি ভোর ৬টার দিকে বগারচর ইউনিয়নে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পরিত্যক্ত দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন। এ সময় তারা ভাষা শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করেন।পরে এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় জনসাধারণ ও ‘জুলাই ঐক্য পরিষদ’-এর নেতাকর্মীরা কার্যালয়ে উপস্থিত হয়ে দলীয় ব্যানার ও পতাকা নামিয়ে ফেলেন। তারা সেখানে ‘পাবলিক টয়লেট’ লেখা একটি সাইনবোর্ড টাঙান এবং কার্যালয়ের সামনে অগ্নিসংযোগ করেন বলে অভিযোগ পাওয়া গেছে।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর হন। এ সময় ‘ফ্যাসিবাদবিরোধী’ স্লোগানে একটি মিছিল বের করা হয়।‘জুলাই ঐক্য পরিষদ’-এর ব্যানারে কর্মসূচিতে নেতৃত্ব দেন শহিদুল ইসলাম সানি, গণঅধিকার পরিষদের আহ্বায়ক ইঞ্জিনিয়ার শাহরিয়ার সুমন, সদস্য সচিব আমির হোসেন, কাজল, তামিম, তানজিল টুটুল ও সিদ্দিকসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।


সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন