জেন্ডার বিষয়ে এলাকাবাসীদের সম্পৃক্তকরনে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
নিজস্ব প্রতিবেদক ।।
জামালপুর সদর উপজেলার ১নং কেন্দুয়া ইউনিয়নে জেন্ডার বিষয়ে এলাকাবাসীর সম্পৃক্ততা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী এক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এই সভায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা, শিক্ষক এবং বিভিন্ন পেশাজীবী প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। অস্ট্রেলিয়ান সরকারের (ANCP) অর্থায়নে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও উন্নয়ন সংঘের বাস্তবায়নাধীন ‘জেসমিন’ (GESMIN) প্রকল্পের আওতায় এই কর্মসূচি পরিচালিত হয়। 
সভায় মূলত ‘মেনকেয়ার’ মডেলের পাঁচটি মূল বার্তার ওপর আলোকপাত করা হয়। এর মধ্যে রয়েছে গৃহস্থালি ও শিশু পালনে পুরুষের অংশগ্রহণ, পারিবারিক সিদ্ধান্তে নারীর ভূমিকা, পুষ্টিকর খাবার ভাগাভাগি এবং বাল্যবিয়ে ও সহিংসতা প্রতিরোধ।
সভার আলোচনায় বক্তারা জানান, সমাজে নারী-পুরুষের কাজ নিয়ে যে প্রথাগত ধারণা রয়েছে তা পরিবর্তনের সময় এসেছে। শুধু ঘরের কাজ নারীর আর বাইরের কাজ পুরুষের—এই মানসিকতা থেকে বেরিয়ে এসে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে পরিবার পরিচালনা করলে সহিংসতা কমে এবং অর্থনৈতিক সমৃদ্ধি আসে।
অনুষ্ঠানে মেনকেয়ার অ্যাম্বাসিডর দম্পতি তাছলিমা বেগম ও সোহেল মোল্লা তাদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। জেসমিন প্রকল্পের জেন্ডার ডিআরআর অফিসার ছাদেকা বেগম বলেন, “পারিবারিক শান্তি ও সমতা নিশ্চিত করতে মেনকেয়ারের বার্তাগুলো নিয়মিত চর্চা করা জরুরি।”
​কেন্দুয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আতাহার আলী প্রকল্পের উদ্যোগের প্রশংসা করে বলেন, এ ধরনের সচেতনতা একটি সহিংসতামুক্ত সমাজ গঠনে সহায়ক হবে। সভায় অংশগ্রহণকারীরাও একমত পোষণ করেন যে, এই কার্যক্রমের ফলে তাদের পরিবারে সুখ-শান্তি ও আয় বৃদ্ধি পেয়েছে।
ইউপি সদস্য মো. রাকিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম, এসএসিএমও ডা. শারমীন সিরাজী, গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী এবং  মো. শাফিকুর রহমান, জেন্ডার স্পেশালিস্ট, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ । সভাটি সঞ্চালনায় সহযোগিতা করেন কমিউনিটি ফেসিলিটেটর তৃপ্তি খাতুন ও মাসুদ রানা।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)