বকশীগঞ্জে বাস মালিক সমিতির সভাপতির বিরুদ্ধে অপপ্রচার: প্রতিবাদে সংবাদ সম্মেলনে

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
রাশেদুল ইসলাম রনি :
জামালপুরের বকশীগঞ্জে অতিরিক্ত বাস ভাড়া ফেরত দেওয়ার ঘটনায় পরিবহন মালিক সমিতির সভাপতি আব্দুল্লাহ সওদাগর বিপ্লবের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ উঠেছে। এই ‘পরিকল্পিত ষড়যন্ত্রের’ প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উপজেলা বাস মালিক সমিতি।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে বকশীগঞ্জ বাস মালিক সমিতির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি আব্দুল্লাহ সওদাগর বিপ্লব।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সম্প্রতি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে ঢাকা থেকে অসংখ্য মানুষ বকশীগঞ্জে আসেন। ভোটদান শেষে কর্মস্থলে ফেরার সময় একদল অসাধু বাস ব্যবসায়ী যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা আদায় করেন। ভুক্তভোগী যাত্রীরা এ বিষয়ে বাস মালিক সমিতির সভাপতি আব্দুল্লাহ সওদাগর বিপ্লবের কাছে অভিযোগ করলে তিনি তাৎক্ষণিক পদক্ষেপ নেন এবং যাত্রীদের অতিরিক্ত টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করেন।
বিপ্লব সওদাগর অভিযোগ করে বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং তার ছোট ভাই উপজেলা শ্রমিক লীগের সভাপতি ও কাইয়ুম সিন্ডিকেট সাধারণ যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায় করে আসছিল। আমি এই দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিয়ে অতিরিক্ত টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করায় ওই কুচক্রী মহলটি ক্ষুব্ধ হয়েছে। তারা এখন আমার বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে অপপ্রচার চালাচ্ছে।সংবাদ সম্মেলনে নিজের রাজনৈতিক অবস্থান পরিষ্কার করে বিপ্লব সওদাগর বলেন, আমার বাবা মরহুম আব্দুর রশিদ ভুলু সওদাগর বকশীগঞ্জ উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। আমি নিজে উপজেলা যুবদলের সভাপতি এবং আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক মামলার আসামি হয়েছি। এমন প্রেক্ষাপটে আমাকে 'ফ্যাসিস্ট' বা 'আওয়ামী লীগের দোসর' হিসেবে আখ্যা দেওয়া অত্যন্ত হাস্যকর ও উদ্দেশ্যপ্রণোদিত। আমি যতদিন মালিক সমিতির দায়িত্বে আছি, বকশীগঞ্জে কোনো ধরনের চাঁদাবাজি বা যাত্রী হয়রানি হতে দেব না ইনশাআল্লাহ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাস মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, কোষাধক্ষ্য হামিদুল্লাহ সওদাগরসহ নেতৃবৃন্দ এবং শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিরা এই ষড়যন্ত্রের তীব্র নিন্দা জানান। তারা বলেন, যাত্রীদের স্বার্থে কাজ করতে গিয়ে কোনো সৎ ব্যক্তি যেন প্রতিহিংসার শিকার না হন, সেদিকে প্রশাসনের নজর দেওয়া উচিত। তারা ঐক্যবদ্ধভাবে এই অপপ্রচার মোকাবিলা করার ঘোষণা দেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)