বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করে দেশের অন্যতম জনপ্রিয় অনলাইন সংবাদমাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে ঢাকা পোস্ট—এমন মন্তব্য করেছেন শেরপুর প্রেসক্লাব-এর সাংবাদিক নেতারা।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাতে শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে ঢাকা পোস্টের ৬ষ্ঠ বর্ষে পদার্পণ উপলক্ষে আয়োজিত কেক কাটা ও আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা পোস্টের শেরপুর জেলা প্রতিনিধি মো. নাইমুর রহমান তালুকদার এবং সঞ্চালনা করেন ঢাকা পোস্টের সাবেক জেলা প্রতিনিধি ও বর্তমানে এখন টিভির জেলা প্রতিনিধি জাহিদুল ইসলাম সৌরভ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে নাইমুর রহমান তালুকদার প্রেসক্লাবের সভাপতি-সাধারণ সম্পাদকসহ উপস্থিত সিনিয়র সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং বর্ষসেরা প্রতিনিধি নির্বাচিত হওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সহকর্মীদের ধন্যবাদ জানান।
শেরপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও এসএ টিভির জেলা প্রতিনিধি মহিউদ্দিন সোহেল বলেন, তথ্য যাচাই-বাছাই ও দায়িত্বশীল উপস্থাপনার মাধ্যমে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিত করা জরুরি। এতে দেশ ও জাতি উপকৃত হয় এবং গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও ইন্ডিপেন্ডেন্ট টিভির স্টাফ রিপোর্টার মেরাজ উদ্দিন বলেন, ঢাকা পোস্ট নিয়মিত তথ্যসমৃদ্ধ ও নিরপেক্ষ সংবাদ প্রকাশ করে জনপ্রিয়তা অর্জন করেছে। তিনি বর্ষসেরা প্রতিনিধি নির্বাচিত হওয়ায় নাইমুর রহমান তালুকদারকে অভিনন্দন জানান।
প্রেসক্লাবের কার্যকরী সভাপতি ও দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি রফিক মজিদ বলেন, বস্তুনিষ্ঠতা বজায় রেখে সংবাদ প্রকাশের কারণে ঢাকা পোস্টের পাঠকপ্রিয়তা দিন দিন বাড়ছে।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি মাসুদ হাসান বাদল বলেন, ঢাকা পোস্ট অভিযুক্তের পক্ষে-বিপক্ষে উভয় পক্ষের মতামত নিয়ে তথ্যসমৃদ্ধ সংবাদ প্রকাশের মাধ্যমে দায়িত্বশীল সাংবাদিকতার দৃষ্টান্ত স্থাপন করছে।
প্রধান অতিথির বক্তব্যে শেরপুর প্রেসক্লাবের সভাপতি ও এনটিভির জেলা প্রতিনিধি, বিশিষ্ট কলামিস্ট কাকন রেজা বলেন, পাঠকের গ্রহণযোগ্যতাই একটি গণমাধ্যমের সবচেয়ে বড় অর্জন। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের ধারাবাহিকতার কারণেই ঢাকা পোস্ট অল্প সময়েই পাঠকের আস্থা অর্জন করেছে এবং গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুগুলোতে তথ্যসমৃদ্ধ প্রতিবেদন প্রকাশ করে আসছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক দিনকালের জেলা প্রতিনিধি আবু হানিফসহ জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা। আলোচনা সভা শেষে কেক কেটে ঢাকা পোস্টের ৬ষ্ঠ বর্ষে পদার্পণ উদযাপন করা হয়।
বক্তারা আশা প্রকাশ করেন, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে ভবিষ্যতেও গণমাধ্যম অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ঢাকা পোস্ট।

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন