শেরপুর জেলা প্রশাসনে বড় রদবদল হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে শেরপুরের নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন ফরিদা ইয়াসমিন। তিনি বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে দায়িত্বরত আছেন। অন্যদিকে, বর্তমান জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান পরবর্তী পদায়নের লক্ষ্যে জেলা থেকে বিদায় নিচ্ছেন।
গত ২২ এপ্রিল ২০২৬ তারিখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
জানা গেছে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৬৪৭৯ পরিচিতি নম্বরের কর্মকর্তা মিজ ফরিদা ইয়াসমিন একজন দক্ষ ও অভিজ্ঞ প্রশাসনিক কর্মকর্তা। শেরপুর জেলার উন্নয়ন এবং সাধারণ মানুষের নাগরিক সেবা নিশ্চিত করতে তিনি এখন থেকে জেলা ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করবেন।
নতুন জেলা প্রশাসক নিয়োগের খবরে শেরপুরের সচেতন মহল প্রত্যাশা ব্যক্ত করেছেন যে, তিনি কোনো নির্দিষ্ট মহলের তোষণ বা তোষামোদকারীদের প্রশ্রয় না দিয়ে নিরপেক্ষভাবে জনগণের কল্যাণে কাজ করবেন। বিশেষ করে জনবান্ধব প্রশাসন গড়ে তোলা এবং সরকারি সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে তিনি কার্যকর ভূমিকা রাখবেন।
প্রজ্ঞাপন অনুযায়ী আদেশের অনুলিপি ইতোমধ্যে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করা হয়েছে।
বিদায়ী জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের স্থলাভিষিক্ত হয়ে খুব শীঘ্রই ফরিদা ইয়াসমিন শেরপুরে তাঁর কার্যভার গ্রহণ করবেন বলে জানা গেছে।


সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন