জামালপুরের দেওয়ানগঞ্জে অতিরিক্ত দামে সার বিক্রি এবং মেয়াদহীন কীটনাশক মজুত রাখার অভিযোগে তিন ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে পৌর এলাকার দেওয়ানগঞ্জ বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ্ জহুরুল হোসেন। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা রতন মিয়া উপস্থিত ছিলেন।উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানে অতিরিক্ত দামে সার বিক্রির অপরাধে সার ব্যবসায়ী সুকুমার সাহাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া দোকানে মেয়াদহীন কীটনাশক সংরক্ষণ করার অপরাধে নেপাল চন্দ্র সাহা ও বিকাশ চন্দ্র সাহা নামের দুই ব্যবসায়ীকে ৪ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ জহুরুল হোসেন বলেন, অতিরিক্ত দামে সার বিক্রি ও মেয়াদহীন কীটনাশক রাখার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।তিনি আরও জানান, কৃষকদের স্বার্থ রক্ষা এবং বাজারে ন্যায্যমূল্য নিশ্চিত করতে প্রশাসনের এ কার্যক্রম অব্যাহত থাকবে।


সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন