জামালপুরের বকশীগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে নকল সিগারেট মজুত ও বিক্রির অপরাধে উত্তম মোদক (৫০) নামে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।বুধবার (৬ মে) দুপুরে বকশীগঞ্জ পৌর শহরের মোদক পাড়া এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের এসব নকল সিগারেট উদ্ধার করা হয়।
স্থানীয় ও ভোক্তা অধিকার কার্যালয় সূত্রে জানা গেছে, মোদক পাড়া এলাকার সুনীল মোদকের ছেলে উত্তম মোদক দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে নামী-দামী বিভিন্ন ব্র্যান্ডের নকল সিগারেট তৈরি ও বাজারজাত করে আসছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জামালপুর কার্যালয়ের সহকারী পরিচালক শরিফুল ইসলামের নেতৃত্বে মোদক পাড়ায় উত্তম মোদকের বাসায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে সেখান থেকে ১ লাখ ২১ হাজার ২০০ শলাকা নকল সিগারেট জব্দ করা হয়।
পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অবৈধভাবে এসব নকল সিগারেট বাজারজাতকরণের দায়ে উত্তম মোদককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জব্দকৃত বিপুল পরিমাণ নকল সিগারেট জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জামালপুরের সহকারী পরিচালক শরিফুল ইসলাম বলেন, নকল ও ভেজাল পণ্য দিয়ে সাধারণ মানুষকে ঠকানোর কোনো সুযোগ নেই।


সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন