শেরপুরে জেলা প্রশাসকের অনুপস্থিতিতেও থেমে নেই জনসেবা: গণশুনানিতে অভাবী মানুষের পাশে আরিফা সিদ্দিকী

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি ।।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনমুখী ও সেবামূলক প্রশাসন ব্যবস্থার অংশ হিসেবে শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আজ ৬ মে (বুধবার) সাপ্তাহিক নির্ধারিত গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। ২০২৬ সালের চার দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন ৩ মে থেকে শুরু হয়ে আজ ৬ মে পর্যন্ত ঢাকায় অনুষ্ঠিত হওয়ায় জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বর্তমানে সেখানে অবস্থান করছেন। তার অনুপস্থিতিতে জেলা প্রশাসকের রুটিন দায়িত্ব পালনকালে অত্যন্ত নিষ্ঠার সাথে এই গণশুনানি কার্য পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার উপ-পরিচালক (ডিডিএলজি) আরিফা সিদ্দিকী।
বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে এই শুনানির আয়োজন করা হয়। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা হতদরিদ্র ও বিভিন্ন সমস্যার সম্মুখীন হওয়া ভুক্তভোগীরা তাদের অভিযোগ ও কষ্টের কথা সরাসরি প্রশাসনের উচ্চপর্যায়ে তুলে ধরেন। দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসক আরিফা সিদ্দিকী অত্যন্ত ধৈর্য ও আন্তরিকতার সাথে আগত প্রতিটি মানুষের অভাব-অভিযোগ শোনেন। তিনি তাৎক্ষণিকভাবে অনেক সমস্যার সমাধান দেন এবং জটিল বিষয়গুলোতে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের পরামর্শ প্রদান করেন।
গণশুনানি চলাকালে তাকে সার্বিকভাবে সহযোগিতা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ।
শুনানি শেষে উপস্থিত ভুক্তভোগীরা জানান, জেলা প্রশাসক সম্মেলনে থাকলেও জেলার নিয়মিত দাপ্তরিক কাজে বা সাধারণ মানুষের সুবিধা অর্জনে কোনো স্থবিরতা সৃষ্টি হয়নি। বিশেষ করে আরিফা সিদ্দিকীর মানবিক আচরণ এবং তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ আগত বিচারপ্রার্থীদের মনে আশার সঞ্চার করেছে।
উল্লেখ্য, জেলা প্রশাসনকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রতি বুধবার শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে এই গণশুনানি অনুষ্ঠিত হয়। এর মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া মানুষ ও ভুক্তভোগীরা সরাসরি প্রশাসনের কর্মকর্তাদের সাথে কথা বলে তাদের সমস্যা সমাধানের সুযোগ পান। আজকের এই সফল শুনানির মধ্য দিয়ে প্রশাসনের জনবান্ধব ভাবমূর্তি আরও উজ্জ্বল হলো।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)