মোঃ আতাউর রহমান সানি \
জামালপুর সদর উপজেলার ১নং কেন্দুয়া ইউনিয়নের কুটামনি গ্রামে অবস্থিত ০১নং কুটামনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে ইতিমধ্যেই দৃশ্যমান অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে। বিদ্যালয়টিতে পূর্বের তুলনায় ছাত্র—ছাত্রীর সংখ্যা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি পড়াশোনার পরিবেশেরও দিন দিন উন্নতি হচ্ছে। তবে শিক্ষার্থীর সংখ্যা বাড়লেও পর্যাপ্ত শ্রেণিকক্ষ ও বেঞ্চ না থাকায় পাঠদান কার্যক্রমে কিছুটা বিঘ্ন সৃষ্টি হচ্ছিল। বেঞ্চ সংকটের কারণে কোমলমতি শিক্ষার্থীদের বসে লেখাপড়া করতে নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল।
০১নং কুটামনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোছা. শাহানাতুল আরেফীন শিউলীর মাধ্যমে এই দীর্ঘদিনের সমস্যার কথা জানতে পেরে গত ১২ মে মঙ্গলবার সকালে ১নং কেন্দুয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মিজানুর রহমান মিজান সরেজমিনে বিদ্যালয়টি পরিদর্শন করেন। তিনি শিক্ষক ও অধ্যয়নরত শিক্ষার্থীদের সাথে কথা বলে সমস্যাগুলো মনোযোগসহকারে শোনেন এবং তাৎক্ষণিকভাবে শিক্ষার স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে পুরনো বেঞ্চ সংস্কারের উদ্যোগ গ্রহণ করে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। শুধু বেঞ্চ সংকট নিরসনই নয়, বিদ্যালয়ের অন্যান্য সমস্যা সমাধানেও তিনি আন্তরিকভাবে এগিয়ে আসেন। বিদ্যালয়ের খেলার মাঠের নিচু জায়গায় দীর্ঘদিন ধরে পানি জমে থাকায় শিক্ষার্থীদের খেলাধুলা ও চলাচলে চরম ভোগান্তি পোহাতে হতো। বিষয়টি গুরুত্বের সাথে নিয়ে প্যানেল চেয়ারম্যান মিজানের উদ্যোগে মাঠের নিচু স্থানগুলোতে মাটি ভরাট করা হয়। এতে মাঠটি ব্যবহার উপযোগী হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। সেইসাথে শ্রেণিকক্ষে পর্যাপ্ত আলোর অভাবে যাতে লেখাপড়ার ক্ষতি না হয়, সেজন্য তিনি বাতির ব্যবস্থা করেন এবং নিজে উপস্থিত থেকে দুটি শ্রেণিকক্ষ সংস্কার করে পাঠদানের উপযোগী করে দেন।
এ বিষয়ে প্যানেল চেয়ারম্যান মিজানুর রহমান মিজান বলেন, “বিদ্যালয়ের পড়ালেখার মান উন্নয়নের জন্য আমি সবসময় পাশে থাকব। শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গড়তে যা যা প্রয়োজন, সেগুলো বাস্তবায়নে আমার সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।”
তাঁর এ ধরনের মানবিক ও শিক্ষাবান্ধব কার্যক্রমে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. জাহিদুল ইসলাম এবং বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোছা. শাহানাতুল আরেফীন শিউলীসহ অন্যান্য শিক্ষকরা তাঁকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
এলাকাবাসী ও অভিভাবকরা জানান, একজন জনপ্রতিনিধি হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠানের সমস্যা সমাধানে এগিয়ে আসার এই উদ্যোগ সত্যিই অত্যন্ত প্রশংসনীয়।

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন