শেরপুরে জেলা পুলিশের অপরাধ পর্যালোচনা সভা: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে পুলিশের বিশেষ তৎপরতা, শ্রেষ্ঠ সদস্যদের পুরস্কৃত করলেন এসপি

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি: 
শেরপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ মে। বেলা ১২ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন শেরপুর জেলার সম্মানিত পুলিশ সুপার (এসপি) এ, কে, এম জহিরুল ইসলাম।
সভার শুরুতেই পূর্ববর্তী মাসের অপরাধ পর্যালোচনা সভায় গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এরপর জেলার প্রতিটি থানার সামগ্রিক অপরাধচিত্র বিশ্লেষণ ও বিচারাধীন মামলা নিষ্পত্তির অগ্রগতি পর্যালোচনা করা হয়। জেলায় মাদক উদ্ধার, ওয়ারেন্ট বা পরোয়ানা তামিল এবং চুরি-ছিনতাই রোধে পুলিশি তৎপরতা আরও বাড়ানোর ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
সভায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে পুলিশের বিশেষ তৎপরতার ওপর সবচেয়ে বেশি জোর দেওয়া হয়। পুলিশ সুপার এ, কে, এম জহিরুল ইসলাম তাঁর বক্তব্যে আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কোরবানি পশুর হাটের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং ঈদে ঘরমুখী মানুষের নির্বিঘ্নে বাড়ি ফেরা নিশ্চিতে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা বজায় রাখার কঠোর নির্দেশ দেন। একই সাথে ঈদের ছুটিতে ফাঁকা হয়ে যাওয়া আবাসিক এলাকা ও হাট-বাজারে চুরি-ডাকাতি রোধে সকল থানা এলাকায় পুলিশি টহল জোরদারসহ গোয়েন্দা নজরদারি ব্যাপক হারে বৃদ্ধির তাগিদ দেন। সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে থানা এলাকায় পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল করার নির্দেশ প্রদানসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিষ্ঠা, পেশাদারিত্ব ও সততার সাথে দায়িত্ব পালনের জন্য উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান তিনি।
সভায় এপ্রিল-২০২৬ খ্রিঃ মাসে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অর্জন এবং চৌকস কার্য সম্পাদনের জন্য জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়। শ্রেষ্ঠ অফিসারদের হাতে পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন পুলিশ সুপার।
এপ্রিল মাসের মূল্যায়নে শেরপুর জেলার ‘শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ’ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন শেরপুর সদর থানার ওসি মোঃ সোহেল রানা। ‘শ্রেষ্ঠ এসআই’ (প্রথম) নির্বাচিত হয়েছেন নালিতাবাড়ী থানার এসআই (নিরস্ত্র) বিল্লাল হোসেন, ‘শ্রেষ্ঠ এসআই’ (দ্বিতীয়) শেরপুর সদর থানার এসআই (নিরস্ত্র) আক্তারুজ্জামান মিয়া এবং ‘শ্রেষ্ঠ এসআই’ (তৃতীয়) নির্বাচিত হয়েছেন নকলা থানার এসআই (নিরস্ত্র) মোঃ রফিকুল ইসলাম।
এছাড়া ‘শ্রেষ্ঠ এএসআই’ হিসেবে যৌথভাবে নির্বাচিত হয়েছেন শেরপুর সদর থানার এএসআই (নিরস্ত্র) মোঃ আনোয়ার হোসেন, নালিতাবাড়ী থানার এএসআই (নিরস্ত্র) মোঃ জাহাঙ্গীর আলম এবং নকলা থানার এএসআই (নিরস্ত্র) আব্দুল্লাহ আল মামুন। ‘শ্রেষ্ঠ গ্রেফতারী পরোয়ানা তামিলকারী অফিসার’ (প্রথম) হিসেবে শ্রীবরদী থানার এএসআই (নিরস্ত্র) মোঃ নজরুল ইসলাম এবং যৌথভাবে (দ্বিতীয়) নির্বাচিত হয়েছেন শেরপুর সদর থানার এএসআই (নিরস্ত্র) মোঃ আনোয়ার হোসেন ও এএসআই (নিরস্ত্র) মোঃ বুলবুল আহম্মেদ। ‘শ্রেষ্ঠ মোবাইল উদ্ধারকারী অফিসার’ হিসেবে পুরস্কৃত হয়েছেন নালিতাবাড়ী থানার এএসআই (নিরস্ত্র) মোঃ উমর ফারুক। পাশাপাশি, টিআরসি নিয়োগ পরীক্ষায় ডিভাইস উদ্ধারে বিশেষ অবদানের জন্য সভায় বিশেষ পুরস্কারে ভূষিত হন পুলিশ পরিদর্শক (সশস্ত্র) মোঃ আক্তারুজ্জামান।
উক্ত অপরাধ পর্যালোচনা সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফসান-আল-আলম, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) আবদুল্লাহ আল মামুন, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) সরকার ফরহাদ আহমেদসহ জেলার সকল থানার অফিসার ইনচার্জ (ওসি), ইন্সপেক্টর (তদন্ত) এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার তদন্তকারী কর্মকর্তাগণ।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)