বকশীগঞ্জে জানালার গ্রিল পড়ে ৭ বছরের শিশুর মৃত্যু

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
প্রতীকী ছবি
রাশেদুল ইসলাম রনি :
জামালপুরের বকশীগঞ্জে একটি স্টিল ওয়ার্কশপের বারান্দায় খেলার সময় জানালার ভারী লোহার গ্রিল মাথায় পড়ে রকিবুল ইসলাম (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৯টার দিকে বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের মধ্য ধাতুয়াকান্দা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।নিহত রকিবুল ইসলাম মধ্য ধাতুয়াকান্দা নতুন বাজার এলাকার মোস্তফা ও আনোয়ারার দম্পতির সন্তান। সে মা-বাবার একমাত্র সন্তান ছিল বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মধ্য ধাতুয়াকান্দা গ্রামের হোসেন মিয়ার মদিনা স্টিল ওয়ার্কশপ নামের একটি দোকানের বারান্দায় ক্রেতাকে দেওয়ার জন্য কিছু লোহার তৈরি জানালার গ্রিল দাঁড় করিয়ে রাখা ছিল। সকাল নয়টার দিকে শিশু রকিবুল ওই ওয়ার্কশপের বারান্দায় রাখা গ্রিলগুলো ধরে খেলা করছিল। খেলার একপর্যায়ে হঠাৎ একটি ভারী লোহার গ্রিল তার মাথার ওপর উল্টে পড়ে। এতে তার মাথা ফেটে মারাত্মক জখম হয় এবং অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হয়।পরে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয় বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মকবুল হোসেন বলেন, ঘটনার খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমরা শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছি।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)