শেরপুরে ভূমিসেবা মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি ।।
“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে সমাপ্ত হলো চার দিনব্যাপী ভূমিসেবা মেলা ২০২৬। আজ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উদযাপিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক মিজ্‌ ফরিদা ইয়াসমিন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ভূমিসেবা কার্যক্রমকে আরও সহজ, স্বচ্ছ ও জনবান্ধব করতে আধুনিক প্রযুক্তিনির্ভর ভূমি ব্যবস্থাপনার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। এ সময় তিনি শেরপুর জেলার বর্তমান রাজস্ব আদায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, “সঠিক সময়ে সততা ও নিষ্ঠার সাথে রাজস্ব আদায় করার মাধ্যমে জেলার উন্নয়ন ত্বরান্বিত হচ্ছে। এই ধারা বজায় রেখে স্মার্ট ও দুর্নীতিমুক্ত ভূমি সেবা নিশ্চিত করতে হবে।” জনগণের দোরগোড়ায় দ্রুত ও কার্যকর ভূমিসেবা পৌঁছে দিতে তিনি সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারীকে আরও আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সবাইকে ধন্যবাদ জানিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব শেখ জাহিদ হাসান প্রিন্স বলেন, “মেলাকে সফল করতে জেলার সকল ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী এবং সাধারণ মানুষ যেভাবে সাড়া দিয়েছেন, তার জন্য আমি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা বাস্তবায়নে আমাদের টিম সর্বদা সচেষ্ট থাকবে।”
অনুষ্ঠান শেষে মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন উপজেলাভিত্তিক শ্রেষ্ঠ ভূমিসেবা স্টল এবং কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মিজ্‌ আসমা বিনতে রফিক, বিভিন্ন উপজেলার সহকারী কমিশনার (ভূমি), জেলার সকল ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। উল্লেখ্য, গত ১৯ মে ২০২৬ খ্রি. তারিখে শেরপুরে এই ভূমিসেবা মেলার আনুষ্ঠানিক সূচনা হয়েছিল।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)