ঢাকার পল্লবীতে নির্মম হত্যাকাণ্ডের শিকার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী, সাত বছর বয়সী শিশু রামিসার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শেরপুরে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নিহত রামিসা শেরপুরের সন্তান আব্দুল হান্নান মোল্লার ছোট মেয়ে।
২৫ মে সকাল ১১ টায় জেলা শহরের নিউমার্কেট পায়রা চত্বরের এই মানববন্ধনের আয়োজন করা হয়। ‘শেরপুর এসএসসি ৮৮ ব্যাচ’ এবং ‘সুজন-সুশাসনের জন্য নাগরিক’ শেরপুর জেলা কমিটি যৌথভাবে এই যৌথ মানববন্ধনের আয়োজন করে।
সুজন-সুশাসনের জন্য নাগরিক শেরপুর জেলা শাখার সভাপতি, বিশিষ্ট সমাজসেবিকা ও পরিবেশবাদী নেত্রী রাজিয়া সামাদ ডালিয়ার সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক শওকত আলীর সঞ্চালনায় মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
মানববন্ধনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শেরপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি, বিশিষ্ট আইনজীবী ও রাজনীতিবিদ এবং জেলা বিএনপির স্থগিতকৃত কমিটির আহ্বায়ক এডভোকেট আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে অবুঝ শিশু রামিসার হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক ও কঠোর শাস্তির জোর দাবি জানান।
অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট শ্রমিক নেতা ও শেরপুর জেলা শ্রমিক দলের সভাপতি এবং জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ শওকত হোসেন ও সুজনের কোষাধ্যক্ষ হোসাইন আহম্মদ মামুন।
এছাড়াও নিহত রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লার সহপাঠী ও বন্ধু সংগঠন ‘শেরপুর এসএসসি ৮৮’ ব্যাচের পক্ষ থেকে উপস্থিত ছিলেন শাহজাহান রতন, শফি কামাল, টুটন, মিলন ও লিটনসহ রামিসার বাবার অন্যান্য বন্ধুরা।
মানববন্ধনে সভাপতি বলেন, সাত বছরের একটি নিষ্পাপ শিশুকে যেভাবে হত্যা করা হয়েছে তা অত্যন্ত বর্বর ও অমানবিক। অবিলম্বে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে অপরাধীদের সর্বোচ্চ শাস্তি দিতে হবে, যেন ভবিষ্যতে আর কোনো মায়ের বুক এভাবে খালি না হয়।
উক্ত যৌথ মানববন্ধনে দুই সংগঠনের নেতাকর্মী ও নিহত শিশুর স্বজনদের পাশাপাশি শহরের বিভিন্ন স্তরের সচেতন মহলের বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ নেন এবং খুনিদের ফাঁসির দাবিতে সংহতি প্রকাশ করেন।

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন