শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড়ি সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত ২৫ মে (সোমবার) উপজেলার কাংশা ইউনিয়নের ছোটগজনী সীমান্ত এলাকায় এই সফল অভিযান পরিচালিত হয়। অভিযানকালে মদ পাচারে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান জব্দ করা হলেও চোরাকারবারীদের কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি সূত্র জানায়, সোমবার ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর দায়িত্বপূর্ণ ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী ছোটগজনী এলাকা দিয়ে অভিনব কৌশলে ভারতীয় মদ পাচারের চেষ্টা করছিল একটি চোরাচালান চক্র। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বিজিবি’র একটি চৌকস টহল দল তাৎক্ষণিক ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে সীমান্ত দিয়ে আসা একটি সন্দেহভাজন কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে ১ হাজার ২৩৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। একই সাথে মাদক বহনের দায়ে কাভার্ড ভ্যানটিকেও জব্দ করে বিজিবি। তবে বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা কৌশলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। বিজিবি জানিয়েছে, জব্দকৃত ভারতীয় মদ ও কাভার্ড ভ্যানের সর্বমোট আনুমানিক সিজার মূল্য প্রায় ৩০ লাখ ৫১ হাজার টাকা। এ বিষয়ে জানতে চাইলে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নূরুল আমিন বায়েজীদ বলেন, "সীমান্তে মাদক, চোরাচালান এবং অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। দেশের সীমান্ত সুরক্ষায় এবং মাদক নিয়ন্ত্রণে আমাদের এই কঠোর অবস্থান ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"
এ ঘটনায় স্থানীয় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন