শেরপুরের শ্রীবরদীতে মরণনেশা গাঁজা বিক্রি ও সেবনের অপরাধে দুই ব্যক্তিকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২১ মে) রাতে শ্রীবরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিব উল আহসান এই আদালত পরিচালনা করেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন— উপজেলার মাটিয়াকুড়া গ্রামের লুৎফর রহমানের ছেলে সরোয়ার (৩৬) এবং উত্তর খড়িয়া গ্রামের সোহরাব আলীর ছেলে হারুন উর রশিদ (৫৭)। আদালত তাদের প্রত্যেককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ছাড়াও ১ শত টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।
আদালত সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে সহকারী কমিশনার (ভূমি) হাসিব উল আহসানের নেতৃত্বে শেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল গোসাইপুর ইউনিয়নের মাটিয়াকুড়া ও খড়িয়াকাজির ইউনিয়নের উত্তর খড়িয়া গ্রামে পৃথক দুটি অভিযান পরিচালনা করে। অভিযানকালে ওই দুই ব্যক্তিকে গাঁজা সেবন ও বিক্রির হাতেনাতে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে গাঁজা ও গাঁজা সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। অপরাধ প্রমাণিত হওয়ায় রাতেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের এই সাজা দেওয়া হয়।
অভিযানকালে শেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মুস্তাফিজুর রহমান, শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসারের সিএ ইনসান আলীসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে শেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মুস্তাফিজুর রহমান বলেন, সাজাপ্রাপ্ত দুই ব্যক্তিকে শেরপুর জেলা কারাগারে হস্তান্তর করা হবে। জেলাজুড়ে মাদক নির্মূলে আমাদের এ ধরনের যৌথ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।"


সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন