বিসিবি নির্বাচন ২০২৬: খসড়া ভোটার তালিকা প্রকাশ, শেরপুর থেকে কাউন্সিলর মামুন রশিদ পলাশ

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি ।।
আসন্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালনা পরিষদ নির্বাচন-২০২৬-এর আনুষ্ঠানিকতা পুরোদমে শুরু হয়েছে। গত ১৭ই মে (রবিবার) মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয় থেকে বহুল প্রতীক্ষিত ১৮৪ জন কাউন্সিলরের খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে।
ঘোষিত খসড়া তালিকায় দেখা গেছে, ঢাকা বিভাগের অন্যতম জেলা শেরপুর থেকে জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধি বা কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছেন শেরপুর জেলা প্রশাসকের উদ্যোগে মনোনীত বিশিষ্ট ক্রীড়ানুরাগী শেরপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ এ বি এম মামুন রশিদ পলাশ। 'ক্যাটাগরি-১ (৬৬)' অর্থাৎ বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থা ক্যাটাগরিতে তিনি শেরপুর জেলার একক প্রতিনিধি হিসেবে বিসিবির এই ঐতিহাসিক নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন। মোট ১৮৪ জন কাউন্সিলরের মধ্যে এই বিভাগীয় ও জেলা ক্যাটাগরিতে মোট ভোটার রয়েছেন ৬৬ জন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, প্রধান নির্বাচন কমিশনার এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আহসানুল করিম, নির্বাচন কমিশনার ও গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার এবং নির্বাচন কমিশনার তথা জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক ও সহকারী সচিব এ বি এম এহসানুল মামুন— এই তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনের যৌথ স্বাক্ষরে এই খসড়া তালিকাটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে।
শেরপুর জেলা থেকে এ বি এম মামুন রশিদ পলাশ কাউন্সিলর মনোনীত হওয়ায় জেলার ক্রিকেটপ্রেমী এবং ক্রীড়া সংগঠকদের মাঝে আনন্দের আমেজ বিরাজ করছে। স্থানীয় ক্রীড়া মহলের মতে, বিসিবিতে শেরপুরের এই প্রতিনিধিত্ব জেলার ক্রিকেট উন্নয়ন এবং নতুন খেলোয়াড় তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তফসিল অনুযায়ী, ১৭ মে খসড়া ভোটার তালিকা প্রকাশের পর দ্রুতই চূড়ান্ত তালিকা প্রকাশ এবং জুন মাসে মূল নির্বাচন অনুষ্ঠানের দিকে এগিয়ে যাচ্ছে ক্রিকেট বোর্ড।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)