জামালপুর সদরের কুটামনি গ্রামে মাদকের ভয়াল থাবা : নেশার টাকা জোগাতে বাড়ছে চুরি \ আতঙ্কে গ্রামবাসী

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
প্রতীকি ছবি
নিজস্ব প্রতিবেদক \ 
জামালপুর সদর উপজেলার ১নং কেন্দুয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আওতাধীন কুটামনি গ্রামে ভয়াবহ রূপ নিয়েছে মাদকের আগ্রাসন। হাত বাড়ালেই মিলছে সর্বনাশা সব মাদকদ্রব্য। আর এই মাদকের টাকা জোগাড় করতে গিয়ে গ্রামে আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে চুরি ও ছোটখাটো ছিনতাইয়ের মতো অপরাধ। সন্ধ্যা নামলেই পুরো গ্রামজুড়ে নেমে আসে এক অজানা আতঙ্ক, যার ফলে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কুটামনি গ্রামে একটি সংঘবদ্ধ চক্র প্রকাশ্যে ও গোপনে মাদক ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে। গ্রামের আনাচে-কানাচে, বাঁশঝাড় বা নির্জন স্থানগুলোতে প্রতিনিয়ত বসছে মাদকের আসর। এই সর্বনাশা নেশার জালে জড়িয়ে পড়ছে স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থী থেকে শুরু করে এলাকার যুবসমাজের একটি বড় অংশ। মাদকাসক্ত তরুণরা যখন নেশার টাকার সংকটে পড়ছে, তখন তারা বেপরোয়া হয়ে উঠছে। এর সরাসরি প্রভাব পড়ছে গ্রামের শান্ত আইনশৃঙ্খলা পরিস্থিতির উপর।
মাদকের এই বিস্তারের সঙ্গে পাল্লা দিয়ে গ্রামে বেড়েছে চুরির উপদ্রব। কৃষকের গোয়ালের গরু, টিউবওয়েলের মাথা, খেতের সেচপাম্পের যন্ত্রাংশ, বিভিন্ন প্রজাতি গাছের ফল, এমনকি বসতবাড়ির হাঁস-মুরগি ও গৃহস্থালির থালাবাসন পর্যন্ত চুরি যাচ্ছে প্রতিনিয়ত। রাতের অন্ধকারে তো বটেই, অনেক সময় দিনের বেলাতেও বাড়ি ফাঁকা পেলে চুরির ঘটনা ঘটছে। ভুক্তভোগী গ্রামবাসীরা জানান, আগে এই গ্রামে এমন ভীতিকর পরিস্থিতি ছিল না, মানুষ শান্তিতে বসবাস করত। কিন্তু বর্তমানে মাদকসেবীদের উৎপাতে রাতের ঘুম হারাম হয়ে গেছে সাধারণ মানুষের। কেউ কোনো প্রতিবাদ করতে গেলে মাদক কারবারি ও সেবনকারীদের হাতে লাঞ্ছিত হওয়ার ভয়ে অনেকেই মুখ খুলতে সাহস পাচ্ছেন না।
কুটামনি গ্রামের হারানো শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং যুবসমাজকে এই মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করতে অবিলম্বে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। তাদের জোর দাবি, দ্রুত এই গ্রামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে মাদকবিরোধী বিশেষ সাঁড়াশি অভিযান পরিচালনা করতে হবে। মাদক কারবারি ও চোর চক্রের সদস্যদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা না হলে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা একেবারেই অসম্ভব হয়ে পড়বে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)