গ্রাম আদালতে জনসচেতনতা বৃদ্ধিতে শেরপুর সদরে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি ।।
‘অল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ০৪ জুন ২০২৬ খ্রি. তারিখে শেরপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে (হলরুম) এই কর্মশালার আয়োজন করে উপজেলা প্রশাসন, শেরপুর সদর। স্থানীয় সরকার বিভাগের অধীন ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ-৩য় পর্যায় প্রকল্প’-এর আওতায় এই কর্মসূচি বাস্তবায়িত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব ফরিদা ইয়াসমিন। শেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব আসমা বিনতে রফিকের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার শেরপুরের উপপরিচালক জনাব আরিফা সিদ্দিকা। এছাড়া কর্মশালায় আইন-শৃঙ্খলা রক্ষা ও স্থানীয় পর্যায়ে সমন্বয় বৃদ্ধির লক্ষ্যে পুলিশের ঊর্ধ্বতন প্রতিনিধি উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক জনাব ফরিদা ইয়াসমিন বলেন, "গ্রাম আদালত স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তির একটি অত্যন্ত কার্যকর ও জনপ্রিয় মাধ্যম। বিশেষ করে সাধারণ মানুষের পারিবারিক ও সামাজিক বিরোধগুলো কোনো প্রকার জটিলতা ছাড়াই দ্রুত ও সহজে নিষ্পত্তিতে গ্রাম আদালত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।" তিনি আরও বলেন, তৃণমূল পর্যায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠায় গ্রাম আদালত একটি অনুকরণীয় ব্যবস্থা হতে পারে। তবে এর পূর্ণ কার্যকারিতা ও সফলতা নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের সম্পৃক্ততা অপরিহার্য। এ লক্ষ্যে গ্রাম আদালতের কার্যক্রম ও সেবার পরিধি আরও বিস্তৃত করার জন্য তিনি সংশ্লিষ্ট সকলকে কাজ করার আহ্বান জানান।
দিনব্যাপী অনুষ্ঠিত এই কর্মশালায় গ্রাম আদালতের কার্যক্রমের ব্যাপক সম্প্রসারণ, তৃণমূল পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধি এবং সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সমন্বিত অংশগ্রহণের মাধ্যমে কীভাবে এই সেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় আরও কার্যকরভাবে পৌঁছে দেওয়া যায়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা ও অংশীজনদের মতামত গ্রহণ করা হয়। কর্মশালায় স্থানীয় সরকারের বিভিন্ন স্তরের প্রতিনিধি, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, পুলিশ প্রশাসনের প্রতিনিধি ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ অংশ নেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)