বকশীগঞ্জ সীমান্তে পুশইন চেষ্টা প্রতিহত, সতর্ক অবস্থানে বিজিবি

মোঃ সাইদুর রহমান সাদী
0
রাশেদুল ইসলাম রনি :
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের রামরামপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক কথিত পুশইনের চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় সীমান্ত এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে। পুশইন ঠেকাতে বিজিবির পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও লাঠিসোঁটা নিয়ে সীমান্ত এলাকায় পাহারা দিচ্ছেন।
বুধবার (১০ জুন ২০২৬) সকালে উপজেলার রামরামপুর সীমান্তের ১০৮২ নম্বর সীমান্ত পিলার সংলগ্ন এলাকায় প্রায় ৫৫ বছর বয়সী এক পুরুষ ব্যক্তিকে কাঁটাতারের বেড়া পার করে নো-ম্যানস ল্যান্ডে রেখে যায় বিএসএফ সদস্যরা বলে অভিযোগ পাওয়া গেছে।
খবর পেয়ে জামালপুর ৩৫ বিজিবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পুশইনের চেষ্টা প্রতিহত করেন। এ সময় স্থানীয় বাসিন্দারাও বিজিবির সঙ্গে যোগ দিয়ে সীমান্ত এলাকায় অবস্থান নেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে দুই দেশের সীমান্তবর্তী এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ব্যক্তি বাংলাদেশের দিকে এগিয়ে আসার চেষ্টা করলে স্থানীয়রা তাকে ফিরিয়ে দেন। আবার ভারতের দিকে যেতে চাইলে বিএসএফ সদস্যরা বাধা দেন। এতে সীমান্ত এলাকায় ধাওয়া-পাল্টা ধাওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি হয়।
পরে সকাল ১০টার দিকে জামালপুর ৩৫ বিজিবির ধানুয়া কামালপুর কোম্পানীগঞ্জ কমান্ডার এবং ভারতের নন্দীরচর বিএসএফ ক্যাম্পের এক পরিদর্শকের নেতৃত্বে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। দীর্ঘ আলোচনা হলেও কোনো সমাধান না হওয়ায় বিএসএফ ওই ব্যক্তিকে ফিরিয়ে নেয়নি। ফলে তিনি নো-ম্যানস ল্যান্ডেই অবস্থান করছেন বলে জানা গেছে।
বর্তমানে সীমান্তে বিজিবি ও বিএসএফ সতর্ক অবস্থানে রয়েছে। বিজিবি সীমান্তে কঠোর নজরদারি অব্যাহত রেখেছে। পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও বিজিবির সঙ্গে সীমান্ত এলাকায় পাহারায় অংশ নিচ্ছেন।
জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান বলেন, “গত কয়েকদিন ধরেই সীমান্ত দিয়ে পুশইনের চেষ্টা চলছে। সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।”

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)