শেরপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির জুন-২০২৬ খ্রিঃ মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ জুন) সকাল ১১ ঘটিকায় শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন শেরপুর জেলার জেলা প্রশাসক মিজ্ ফরিদা ইয়াসমিন।
সভায় শেরপুর জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়নমূলক নানা বিষয়ে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং কমিটির সম্মানিত সদস্যগণ বিস্তারিত আলোচনা করেন।
সভায় জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং জেলা পরিষদের প্রশাসক জেলার সার্বিক পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য ও নির্দেশনা প্রদান করেন। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন। বিশেষ করে সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা ব্যবস্থার ওপর তিনি বিশেষ জোর দেন। তিনি বলেন সীমান্তবর্তী এলাকায় বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ)-এর পাশাপাশি পুলিশ প্রশাসন, আনসার বাহিনী এবং স্থানীয় সাধারণ জনগণও অতন্দ্র প্রহরী হিসেবে পাশে রয়েছে। দেশের নিরাপত্তা ও চোরাচালান রোধে বিজিবিকে আরও বেশি সতর্ক ও সজাগ থাকতে হবে এবং স্থানীয় প্রশাসন ও জনগণের সাথে সমন্বয় করে কাজ করতে হবে। শেরপুর জেলার পুলিশ সুপার তাঁর বক্তব্যে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে উপস্থিত সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। তিনি বলেন অপরাধ দমন এবং সামাজিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পারস্পরিক সহযোগিতার কোনো বিকল্প নেই। পুলিশ প্রশাসন সকলের সাথে নিবিড়ভাবে এবং সমন্বিত উপায়ে কাজ করতে বদ্ধপরিকর। জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ এবিএম মামুনুর রশিদ পলাশ জেলার উন্নয়ন ও আইন-শৃঙ্খলার পারস্পরিক সম্পর্কের কথা উল্লেখ করে বলেন একটি শান্ত ও নিরাপদ পরিবেশই জেলার টেকসই উন্নয়নের মূল ভিত্তি। সরকারি-বেসরকারি সকল অংশীজনকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
গুরুত্বপূর্ণ এই সভায় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার উপ-পরিচালক ও পৌরসভার প্রশাসক মিজ্ আরিফা সিদ্দিকা,জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) শেরপুরের ডিডি ইফতেখারুজ্জামান,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাকিল আহমেদ,শেরপুর প্রেস ক্লাবের সভাপতি কাকন রেজা,বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আওয়াল চৌধুরী,জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার শূরা সদস্য আলহাজ্ব জাকারিয়া আব্দুল বাতেনব।
এছাড়াও জেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ (ইউএনও), বিজিবি ও আনসার বাহিনীর প্রতিনিধিদল, সিভিল সার্জনের প্রতিনিধি, জেলার সহকারী কমিশনার (ভূমি) গণসহ বিভিন্ন সরকারি সংস্থা ও প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন প্রতিনিধিবৃন্দ সভায় উপস্থিত থেকে অত্যন্ত গুরুত্বের সাথে নিজ নিজ দপ্তরের মতামত ও পরিকল্পনা তুলে ধরেন।


সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন