কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী (২৩ জুন) ঘিরে যেকোনো ধরনের অপতৎপরতা, বেআইনি মিছিল ও শোডাউন প্রতিহত করার ঘোষণা দিয়ে শেরপুরে বিশাল বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল।
সোমবার (২২ জুন) শেরপুর জেলা ছাত্রদলের উদ্যোগে দুপুরে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শেরপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ছাত্রদলের নেতা-কর্মীরা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন এবং যেকোনো মূল্যে তাদের অপতৎপরতা রুখে দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। মিছিলটির নেতৃত্বে ছিলেন শেরপুর জেলা ছাত্রদলের সভাপতি নাইম হাসান উজ্জ্বল ও সাধারণ সম্পাদক খালেদুজ্জামান সিদ্দিকী আসিফ।
ছাত্রদল নেতারা জানান, নিষিদ্ধ সংগঠনের কর্মীরা যেন কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি করতে না পারে, সেজন্য তারা রাজপথে সক্রিয় ভূমিকা পালন করবেন।
এদিকে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা, বিশৃঙ্খলা ও বেআইনি কর্মকাণ্ড রোধে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ ও চট্টগ্রাম—এই ৬টি গুরুত্বপূর্ণ জেলা ও মেট্রোপলিটন এলাকায় সশস্ত্র বাহিনী (সেনাবাহিনী) মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। 'ইন এইড টু সিভিল পাওয়ার'-এর আওতায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সোমবার ২২ জুন থেকে শুরু করে আগামী ৩০ জুন পর্যন্ত সেনা সদস্যরা মাঠে থাকবেন। ঢাকা, চট্টগ্রাম ও গাজীপুর মেট্রোপলিটন এলাকা এবং নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ ও ফরিদপুর জেলা। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) নির্দেশনা অনুযায়ী এই ব্যবস্থা নেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের জানিয়েছেন, কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরেও সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্নভাবে সাবেক এই শাসক দলের কিছু কর্মী-সমর্থকদের অপতৎপরতা লক্ষ্য করা গেছে। সাধারণ মানুষের জানমাল ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতেই এই আগাম সতর্কতা ও নিরাপত্তা জোরদার করা হয়েছে। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের যেকোনো বেআইনি মিছিল, শোডাউন বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা কঠোর হস্তে দমন করার জন্য মাঠ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে।

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন