জামালপুরের বকশীগঞ্জ উপজেলার গোপালপুর গ্রাম থেকে দুই অপ্রাপ্তবয়স্ক স্কুলছাত্রী গত সাত দিন ধরে নিখোঁজ রয়েছে। তাদের কোনো খোঁজ না পাওয়ায় পরিবারগুলোর মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
নিখোঁজ দুই শিক্ষার্থী হলো গোপালপুর কো-অপারেটিভ বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী আফসানা আক্তার (১৩) এবং স্থানীয় একটি নূরানী মাদ্রাসার শিক্ষার্থী আশা মনি (১১)।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৭ জুন বিকেলে তারা বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেনি। এরপর থেকে পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও এখন পর্যন্ত তাদের কোনো সন্ধান মেলেনি। দুই শিক্ষার্থীর সঙ্গে পরিবারের কোনো ধরনের যোগাযোগও স্থাপন করা সম্ভব হয়নি।
এ ঘটনায় আফসানা আক্তারের বাবা মো. আল আমিন বকশীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
পরিবারের সদস্যরা জানান, মেয়েদের হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় তারা দিশেহারা হয়ে পড়েছেন। প্রতিটি মুহূর্ত উদ্বেগের মধ্যে কাটছে। দ্রুত দুই শিক্ষার্থীকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য তারা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, অভিযোগ পাওয়ার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। নিখোঁজ দুই শিক্ষার্থীকে খুঁজে বের করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, দ্রুততম সময়ের মধ্যে তাদের উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া সম্ভব হবে।


সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন